দলে প্রচলিত কমিটি গঠন পদ্ধতির সংস্কার চান সৈয়দ আশরাফুল
আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলে গণতন্ত্রের ধারা বজায় রাখতে বর্তমানে প্রচলিত কমিটি গঠনের পদ্ধতি সংস্কারের পক্ষে মত দিয়েছেন।
তিনি বলেন, “দলে গণতন্ত্রের চর্চা বজায় রাখতে ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ের কমিটিগুলো বাতিল করতে হবে। এক্ষেত্রে গঠন করতে হবে দুটি কমিটি। কেন্দ্রীয় পর্যায়ে একটি এবং সংসদের প্রতি আসনে অন্যটি গঠন করতে হবে।”
বুধবার নফহবংি২৪.পড়স কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন।
সৈয়দ আশরাফুল ইসলামের মতে, কাউন্সিলর ছাড়াও সদস্যদের গোপন ভোটেই নির্বাচিত হবেন ওই দুই কমিটির কমিটির সদস্যরা। দায়িত্ব পালন করতে হবে নির্বাচন কমিশনকেও। তারা পর্যবেক্ষকের দায়িত্বে থাকবেন।
দুর্নীতিবাজ এবং কালোটাকার প্রভাব থেকে রাজনৈতিক দলগুলোকে মুক্ত করতে রাষ্ট্রীয়ভাবে প্রয়োজনীয় তহবিল সরবরাহের পক্ষেও মত দিয়েছেন তিনি।
তিনি বলেন, “ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলে দলের সংস্কার এবং গণতান্ত্রিক ধারা বজায় রাখতে আমি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে আমার এসব পরিকল্পনা উপস্থাপন করব।”
আশরাফুল ইসলাম জানান, তিনি দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এ ব্যাপারে প্রাথমিক আলোচনা করেছেন। তারা এই পরিকল্পনাকে সমর্থন করেছেন।
কিশোরগঞ্জ-- ৩ আসনের এই সাবেক সাংসদ বলেন, “একমাত্র শেখ হাসিনাই দলের মধ্যে সংস্কার আনতে পারেন।”
পরিকল্পনার কথা বিস্তারিত জানাতে গিয়ে তিনি বলেন, “নির্বাচন কমিশনের পর্যবেক্ষণে ৩০০টি আসনে গঠনতন্ত্র অনুযায়ী প্রাথমিক সদস্যদের গোপন বৈঠকে কমিটি গঠন করা যেতে পারে। কোনো নির্দিষ্ট অঞ্চলের নেতা নির্বাচনের প্রথম পর্যায়ে আওয়ামী লীগের সব প্রাথমিক সদস্য ভোট দেবেন। এছাড়া প্রথম পর্যায়ে ভোটে শীর্ষে থাকা দুই নেতার মধ্য থেকে একজনকে নির্বাচিত করার ক্ষেত্রে ওই ভোটারা দ্বিতীয় রাউন্ডেও ভোট প্রয়োগ করবেন।
তিনি বলেন, “এই পদ্ধতি বাস্তবায়িত হলে কালোটাকার মালিক এবং দুর্নীতিবাজরা সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না। এছাড়া মনোনয়ন বাণিজ্যও বন্ধ হবে।”
নির্বাচন প্রক্রিয়াটিকে আগের রাষ্ট্রপতি নির্বাচনের সঙ্গে তুলনা করে তিনি বলেন, “দেশব্যাপী আওয়ামী লীগের সদস্যদের ভোটে কেন্দ্রীয় নেতা নির্বাচিত করা হবে।”
দলের তহবিল প্রসঙ্গে তিনি বলেন, “বিভিন্ন কর্মসূচি এবং দলের কার্যালয়গুলো চালাতে অর্থের প্রয়োজন। আর যদি সরকার জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহের উপর নিষেধাজ্ঞা আরোপ করে তবে রাষ্ট্রকেই এই তহবিলের যোগান দিতে হবে।”
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে আরও বলেন, “বাংলাদেশের প্রতিটি দলের জন্য বার্ষিক বাজেট ৫০ কোটি টাকাই যথেষ্ট।”
একটি টেলিভিশনকে দেওয়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের সাক্ষাৎকারের সমালোচনা করে বলেন, “কে বলেছে দলের সভাপতি পর পর দুইবার প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারবেন না। গণতান্ত্রিক কোনো রাষ্ট্রেই এ ধরনের বিধি বিধান নেই।”
তিনি বলেন, “সুরঞ্জিত সেনগুপ্তের উচিত তার পরিকল্পনার কথা টেলিভিশনে প্রচার না করে দলের বৈঠকে উপস্থাপন করা।”
