২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে গ্রাম পুলিশ হত্যা মামলা তুলে নিতে পরিবারকে হুমকি

বাগমারায় গ্রাম পুলিশ হত্যা মামলার আসামীরা পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন নিহতের স্ত্রী আনোয়ারা বেগম।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 07:46 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

বুধবার বিকেলে রাজশাহী প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আনোয়ারা বেগম বলেন, মান্দা থানার কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও কুখ্যাত ডাকাত মহসীন চেয়ারম্যান এবং অন্য আসামিরা তাকে মামলা তুলে নিতে অব্যাহতভাবে হুমকি দিচ্ছে।

তিনি ওই ডাকাতসহ অন্যান্য আসামির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তত্ত্বাবধায়ক সরকারের সহায়তা কামনা করেন।

লিখিত বক্তব্যে আনোয়ারা বেগম বলেন, মহসীন আলী চেয়ারম্যানকে যৌথবাহিনী গ্রেপ্তারে ব্যর্থ হয়ে তারা গ্রাম পুলিশ ইয়াসিন আলীকে সোর্স হিসেবে ব্যবহার করে।

ইয়াসিন আলী বিভিন্ন সময়ে ডাকাত মহসীন আলীর অবস্থান সম্পর্কে যৌথবাহিনীকে তথ্য দিতেন। সেই অনুযায়ী যৌথবাহিনী কয়েকবার তাকে ধরার জন্য এলাকায় অভিযানও চালায়।

এ কারণে মহসীন আলী ইয়াসিন চৌকিদারের ওপর ক্ষিপ্ত হয় এবং  হত্যার পরিকল্পনা করে। ইয়াসিনকে ফাঁসানোর জন্য তার বাড়ির পার্শ্ববর্তী গোয়ালঘরের পেছনে সে কয়েকটি বোমাও ফেলে রাখে।

গত ৭ই মে মান্দা উপজেলা সীমানা সংলগ্ন বাগমারা উপজেলার হাটদামনাশ ঘরামিপাড়ায় তার লোকজন নিয়ে চৌকিদারকে হত্যা করে একটি গাছে ঝুলিয়ে রাখে।

এ ঘটনায় আনোয়ারা বেগম মহসীন ডাকাতসহ ১৩ জনকে আসামি করে বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের  করেন। এর পর গত ৯ মে মামলার ২ নং আসামি মহসীনের সহযোগী ডাকাত ফজলুর রহমান মামলা তুলে নেয়ার জন্য ইয়াসিন আলীর স্ত্রীকে প্রকাশ্যে হুমকি দেয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, মামলা তুলে না নিলে চৌকিদারের পরিবারের সবাইকে মিথ্যা মামলায় জড়ানো ও  হত্যা করা হবে বলে হুমকি দিচ্ছে আসামীরা।