২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের এখনই শুভক্ষণ: হাসান মশহুদ

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধূরী বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার এখনই শুভক্ষণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 07:39 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

তিনি বলেন, দুর্নীতি দমনের দায়িত্ব কমিশনের হলেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো দুর্নীতি প্রতিরোধ করা। তাই জেলা ও উপজেলা পর্যায়ে দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বুধবার রাজশাহী, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ সফর করেন হাসান মশহুদ চৌধুরী। জেলাগুলোয় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি। (আরও তথ্যসহÑ১)

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরÑ

চাঁপাইনবাবগঞ্জ: সকালে শহরের শহীদ সাটু হলে মতবিনিময় সভায় হাসান মশহুদ চৌধূরী বলেন, “প্রতিটি কাজের শুভক্ষণ থাকে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার এটাই শুভক্ষণ।”

তিনি বলেন, যদি কানসাটবাসী তাদের অধিকার প্রতিষ্ঠায় ঘুরে দাঁড়াতে পারেন তবে দুর্নীতির বিরুদ্ধেও তারা সোচ্চার হবেন। দুর্নীতি প্রতিরোধে প্রতিটি উপজেলায় ফোরাম গঠনের ওপর জোর দিয়ে তিনি বলেন, দুর্নীতি দমনের আগে তা প্রতিরোধ করতে হবে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ফাইজুল কবীর ও পুলিশ সুপার মোখলেছুর রহমানসহ শহরের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

রাজশাহী: দুপুরে নগরীর নগরীর মনিবাজার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। দুর্নীতি প্রতিরোধে সজ্জন ব্যক্তি ও সুশীল সমাজকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে হাসান মশহুদ বলেন, “আপনারা চুপ করে থাকলে ধংসযজ্ঞে জড়িতদের কাজ সহজ হয়ে যাবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রত্যক্ষ লড়াইয়ে নামতে হবে।”

সভায় বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার আনিস উদ্দিন মঞ্জুর, পুলিশের রাজশাহী রেঞ্জ উপ মহা পরিদর্শক শহিদুল হক, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, রাজশাহী শিক্ষাবোর্ডের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান শিরিন সুফিয়া খানম, এনজিও পার্টনারের কর্মসূচি পরিচালক আলিনা খাতুন লিমা প্রমুখ।

 পাবনা: বনমালী ইনস্টিটিউট মিলনায়তনে মতবিনিময় সভায় হাসান মশহুদ চৌধুরী বলেন, দূর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া রাজনীতিবিদদের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ রয়েছে, তাতে রায় জনগণের পক্ষেই যাবে।

তিনি বলেন, কিছুদিন পর দেশের মানুষ নির্বাচনমুখী হয়ে পড়বে। তাই দুর্নীতি প্রতিরোধের এখনই প্রকৃত সময়।

সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. গোলাম মাওলা, পুলিশ সুপার মাসুম রব্বানী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ বি এম ফজলুর রহমান, স্কুলশিক্ষিকা ফারহানা ইয়াসমিন, এনজিও সমতার পরিচালক সরওয়ার আলম, সুজানগর উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।