প্রতিবন্ধীদের বাজেট বরাদ্দ বাড়ানোর দাবি
প্রতিবন্ধীদের জন্য বাজেট বরাদ্দ বাড়ানো না হলে দেশের ১০ শতাংশ প্রতিবন্ধী বোঝা হয়েই থাকবে। তাই অবিলম্বে শুমারি করে প্রতিবন্ধীদের উন্নয়নে বাজেটে সুর্নির্দিষ্ট বরাদ্দ রাখতে হবে।
বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অ্যাকশন অন ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট (এডিডি) আয়োজিত ‘জাতীয় বাজেটে প্রতিবন্ধীদের চাওয়া-পাওয়া’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন।
বৈঠকে প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আতিউর রহমান। এডিডির চেয়ারম্যান মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক মইনুল ইসলাম, আসাদুজ্জামান নূর, জি এম কাদের, লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, ড. বদিউল আলম মজুমদার, ড. কাজী শাহাবুদ্দীন, সেলিনা খালেক, তৃণমূল প্রতিবন্ধী ফেডারেশনের সভাপতি আখতার হোসেন, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি খন্দকার জহুরুল হক প্রমুখ।
মূল প্রবন্ধে প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা, সরকারের বিভিন্ন বরাদ্দ এবং আগামী বাজেটে তাদের উন্নয়নের জন্য কী কী করা যেতে পারে তার বিষয়ভিত্তিক সুপারিশ তুলে ধরা হয়।
সুপারিশে বলা হয়, আর্থিকভাবে অসচ্ছল প্রতিবন্ধী শিক্ষার্থীদের ডিগ্রি পর্যন্ত উপ--বৃত্তির ব্যবস্থা করতে হবে। শিক্ষা খাতে বাজেট বরাদ্দের ১০ ভাগ প্রতিবন্ধীদের শিক্ষার উন্নয়নে ব্যয় করতে হবে। প্রতিটি বিভাগে দুটি করে অর্থোপেডিক হাসপাতাল নির্মাণ করতে হবে। এছাড়া প্রতিটি জেলার সদর হাসপাতালে স্বয়ংসম্পূর্ণ অর্থোপেডিক বিভাগ খুলতে হবে।
এ ছাড়া অক্ষম প্রতিবন্ধীদের ভাতার পরিমাণ মাসে ৫০০ টাকা এবং উপকারভোগীর সংখ্যা আড়াই লাখে উন্নীত করার পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য প্রতিটি পরিবহনে ভাড়া অর্ধেক করার সুপারিশ করা হয়। একই সঙ্গে উপার্জনমূলক এবং সামাজিক নিরাপত্তামূলক সব কর্মসূচিতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ১০ শতাংশ কোটা রাখার প্রস্তাব করা হয়।
ড. আতিউর রহমান বলেন, প্রতিবন্ধীদের বাজেট বরাদ্দ এখনও এক শতাংশের ওপর উঠতে পারেনি, যা কাম্য নয়।
ড. আকবর আলী খান বলেন, যে জাতি প্রতিবন্ধীদের সমস্যা বুঝতে পারে না সে জাতিকে মানসিক প্রতিবন্ধী বলা যায়।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, যে পরিবারে প্রতিবন্ধী রয়েছে সে পরিবারের ক্ষেত্রে একটি নির্দিষ্ট টাকা পর্যন্ত আয়কর রেয়াত দিতে হবে। প্রতিবন্ধীরা যে সব উপকরণ বা যন্ত্রপাতি ব্যবহার সেগুলোর শুল্ক কমাতে হবে।
আসাদুজ্জামান নূর বলেন, প্রতিবন্ধীদের কল্যাণে এগিয়ে আসার জন্য আমাদের সবার মানসিকতা উন্নত করতে হবে।
ফারুক খান বলেন, প্রতিবন্ধীদের বিষয়ে সংসদে ককাস করা যায় কিনা, তা ভাবতে হবে।
