খন্দকার মোশাররফের বিরুদ্ধে ফের মামলা
সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে বুধবার আরও একটি মামলা হয়েছে।
আওয়ামী লীগের জনসভায় সশস্ত্র হামলা ও বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে কুমিল্লার দুই নম্বর আমলি আদালতে এ মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কুমিল্লার তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে।
আদালত সূত্র জানায়, তিতাস উপজেলার উলুকান্দি গ্রামের আওয়ামী লীগ কর্মী তোফায়েল আহাম্মদ ভুঁইয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে খন্দকার মোশাররফসহ ২১ জনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০০৬ সালের ২ জুন তিতাস উপজেলার দাশকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুবেদ আলী ভূঁইয়ার জনসভায় খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশে কাটা রাইফেল, পিস্তল, হাত বোমা, হকিস্টিক, রাম দা, লাঠি নিয়ে হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন আহত হন।
