শেয়ার বাজারে চাঙ্গাভাব অব্যাহত
ঢাকা শেয়ার বাজারে ষষ্ঠ দিনের মতো চাঙ্গাভাব বিরাজ করছে। দিনের প্রথমভাগে লেনদেনের গতি বাড়তে থাকলেও মাত্র ১৫ মিনিটের মাথায় বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার হুড়োহুড়ির কারণে কিছুটা হোঁচট খায়। তবে বিদ্যুৎ এবং ব্যাংকিং খাতের শেয়ার লেনদেনের বদৌলতে সে অবস্থা কাটিয়ে উঠতে বেশি সময় নেয়নি শেয়ার বাজার।
মূলত ওই দুই খাতের আকর্ষণীয় শেয়ার এবং বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের সম্ভাবনাই লেনদেন বাড়ার অন্যতম কারণ বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
বেলা ১২টা পর্যন্ত ডিজিইএন বা সাধারণ সূচক ১১ দশমিক ২৫ পয়েন্ট বা দশমিক ৬১ শতাংশ বেড়ে হয়েছে এক হাজার ৮৫৪ দশমিক ১৬। অন্যদিকে ডিএসআই বা সার্বিক সূচক ১৩ দশমিক ৫২ পয়েন্ট বা দশমিক ৮৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৬৮ দশমিক ০৩।
এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৫৫ কোটি ৭৮ লাখ ৭০ হাজার টাকার। মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ১২৯ কোটি টাকা।
মোট লেনদেন হয়েছে ১৬৫টি প্রতিষ্ঠানের শেয়ারের। যার মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ৩৯টির এবং ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের দিকে পর্যায়ক্রমে শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক এবং ইউসিবিএল।
১২টা বাজার মাত্র সাত মিনিটি আগে পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ার আগের দিনের তুলনায় কিছুটা কমে ৫৫২ টাকা ৫০ পয়সায় লেনদেন হতে দেখা গেছে। মঙ্গলবার সর্বশেষ ৫৫৪ টাকা ২৫ পয়সায় প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছিল।
এ ছাড়া ব্র্যাক ব্যাংকের শেয়ার ৬৫২ টাকা থেকে বেড়ে ৬৬৫ টাকায় লেনদেন হচ্ছে। সাউথইস্ট ব্যাংকের শেয়ার লেনদেন হচ্ছে ৩৬৭ টাকায়। একদিন আগেও প্রতিষ্ঠানটির শেয়ার ৩৫৯ টাকা ২৫ পয়সায় লেনদেন হয়েছে।
৫৮০ টাকা ৭৫ পয়সা থেকে একলাফে ৫৯৭ টাকায় উঠে গেছে প্রাইম ব্যাংকের শেয়ার। আর ইউসিবিএল এর শেয়ার দুই হাজার ৩৬ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে হয়েছে দুই হাজার ১৪৬ টাকা।
এ ছাড়া শেয়ারের দাম বেড়ে যাওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এক্সিম ব্যাংক, সামিট পাওয়ার, ন্যাশনাল ব্যাংক এবং ডেসকো।
তবে মুনাফা তুলে নেওয়ার কারণে দাম কমেছে স্কয়ার ফার্মা কোম্পানির।
