২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিরুদ্ধে দুর্নীতি মামলার শুনানি ২৫ জুলাই

মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্র বসানো নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলা বাতিলের আবেদনের শুনানি হবে ২৫ জুলাই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 11:40 AM

Updated : 26 Apr 2022, 02:20 PM

দুই পক্ষের বক্তব্য শুনে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ তারিখ ঠিক করেন। একইসঙ্গে এ মামলার অন্য তিন আসামি সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী রফিকুল ইসলাম, উপমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সাকো ইন্টার ন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালনা  কে এম এন ইসলামের আলাদা তিনটি আবেদনের ওপরও একই সঙ্গে শুনানি হবে বলে জানানো হয়।

বুধবার সকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেলাল উদ্দিন মোল্লা বলেন, মামলা চারটি বাতিলের আবেদন অনেক পুরনো। এজন্য সরকার আবেদন চারটির শিগগির শুনানি চায়।

আদালত এ সময় বলেন, “আমাদের বিবেচনায় ১৯৯২ থেকে ১৯৯৭ পর্যন্ত মামলাগুলো পুরনো। ওইসব মামলা আমরা ছুটির আগে শুনবো। বাকিগুলো ছুটির পরে।”

সুপ্রিম কোর্ট ৮ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত বন্ধ।  

হাসিনার পক্ষে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, “আমি শেখ হাসিনার পক্ষে বলছি। এজাহারে তার নাম ছিল না বলে মামলাটা আলাদা। এর শুনানি সুপ্রিম কোর্টের অবকাশের পরই হওয়া উচিত।”

হেলাল মোল্লা বলেন, সৈয়দ আবুল হোসেনের মামলার বাতিলের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বলেছিলেন চারটি আবেদনই একসঙ্গে শোনা হবে।২০০২ সালে দায়ের করা এ মামলাটি পুনরুজ্জীবনে সোমবার আদালতে আবেদন জানানো হলেও শেখ হাসিনার পক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি এমদাদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটি আদালতের কার্যতালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন।

মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চে শেখ হাসিনার বিরুদ্ধে এ দুর্নীতির মামলা বাতিলের আবেদনের শুনানির দিন ঠিক করার আবেদন জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেলাল উদ্দিন মোল্লা। তখন “মেনশন স্লিপ” আকারে জমা দেওয়া আবেদনটি গ্রহণ করে আদালত বুধবারের কার্যতালিকায় ‘উল্লিখিত’ কলামে আসবে বলে নির্দেশ দেন।

বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা মো. গোলাম মোস্তফা ২০০১ সালের ১১ ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী রফিকুল ইসলামের বিরুদ্ধে রমনা থানায় মেঘনা ঘাট বিদ্যুৎ প্লান্ট স্থাপনে ১৭ কোটি ৮৯ লাখ ১ হাজার ৮৯৭ টাকা দুর্নীতির অভিযোগ এনে মামলা দায়ের করেন।

২০০২ সালের ১৪ অক্টোবর এ মামলায় শেখ হাসিনা, সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী রফিকুল ইসলাম, উপমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সাকো ইন্টার ন্যাশনালের ম্যানেজার কে এম ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০০২ সালের ২ ডিসেম্বর মামলাটি বাতিলে শেখ হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নিম্ন আদালতে মামলাটির সব কার্যক্রম স্থগিতের নির্দেশ দেয়।