খেলাফত মজলিসের নায়েবে আমীর কারাগারে
জঙ্গি তৎপরতার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মঙ্গলবার গভীর রাতে গ্রেপ্তারকৃত খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমানকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে তাকে এক নম্বর আমলি আদালতের ম্যাজিস্ট্রেট আবদুল হাই আল মাহমুদের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। পরে দুপুর পৌনে একটার দিকে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
মঙ্গলবার রাত সোয়া একটার দিকে নগরীর জেরজেরি পাড়ায় হাবীবুরের এক আত্মীয়ের বাসা থেকে মওলানা হাবিবুরকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাত তিনটার দিকে তাকে সিলেট কোতোয়ালি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
মাওলানা হাবিবুর রহমান ২০০৩ সালে লেখিকা তসলিমা নাসরিনের মাথার দাম ৫০ হাজার টাকা নির্ধারণ করে ব্যাপক আলোচনায় আসেন। এছাড়া ১৯৯৫ সালের ১৯ এপ্রিল কবি শামসুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এর আগে ১৯৯৯--২০০০ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি হল শহীদ জননী জাহানারা ইমামের নামে নামকরণের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখেন হাবীবুর। ওই সময় ড. মুহম্মদ জাফর ইকবালকে মুরতাদ ঘোষণার পিছনেও ছিল তার হাত। যে কারণে বিশ্ববিদ্যালয়টি প্রায় সাত মাস বন্ধ থাকে।
তবে আদালতে নিয়ে যাওয়ার আগে মাওলানা হাবিবুর রহমান নিজেকে নির্দোষ দাবি করে নফহবংি২৪.পড়স কে বলেছেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি সারা জীবন জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করে আসছি। অভিযোগ যে কারও বিরুদ্ধে আনা যায়, তবে প্রমাণ করা কঠিন।”
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুন নুর নফহবংি২৪.পড়স কে জানান, জঙ্গি কার্যক্রমে মদদ দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, জরুরি বিধিমালা--২০০৭ এর ১৬ ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিগত জোট সরকারের আমলে প্রশাসনের কাজে অবৈধ হস্তক্ষেপ, ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত এবং মাদ্রাসার সহজ সরল ছাত্রদের জঙ্গিবাদে উৎসাহ প্রদানসহ জনগণের নিরাপত্তা--শান্তি শৃংখলা বিনষ্ট করার জন্য তিনি দলীয় ক্যাডারদের ব্যবহার করেছেন।
