২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবারে পণ্যের ২০ ভাগ বেশি দাম দেখান সাংবাদিকরা: উপদেষ্টা আনোয়ারুল

“গণমাধ্যমে প্রকাশিত দরের চেয়ে অন্তত ২০ শতাংশ কম দামে সপ্তাহের ছয়দিন পণ্য বিক্রি হচ্ছে বাজারে। বাজারে ক্রেতা উপস্থিতি বেশি থাকায় কেবল শুক্রবার দাম বাড়িয়ে দেন ক্রেতারা। আর সেদিনের বাজারদরই প্রকাশ করেন সাংবাদিকরা।”-- বর্তমান বাজার পরিস্থিতি মূল্যায়ন করতে গিয়ে এমনই মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 05:38 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

মঙ্গলবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বর্তমান সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আন্তরিকভাবে কাজ করছে। এজন্য কিছু পণ্যের শুল্ক প্রত্যাহার করা হয়েছে। কিন্তু এর কোনো প্রভাব বাজারে পড়েনি।

উপদেষ্টা অভিযোগ করেন, “সাংবাদিকরা শুধু শুক্রবারের বাজার দর তুলে ধরেন। কিন্তু ওইদিন বাজারে ক্রেতার উপস্থিতি বেশি থাকায় ব্যবসায়ীরা সপ্তাহের অন্য দিনের তুলনায় অন্তত ২০ শতাংশ দাম বাড়িয়ে দেন। শুক্রবারের সঙ্গে সপ্তাহের অন্য ছয়দিনের দাম এক থাকে না বলে উপদেষ্টা দাবি করেন।

তিনি জানান, ঢাকা শহরের বিভিন্ন স্থানে নতুন নতুন বাজার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া অপারেশন ডাল--ভাত নামে পরিচালিত বিডিআরের ভ্রাম্যমাণ বাজারগুলো সরকারি ব্যবস্থাপনায় টিনের ঘরে স্থানান্তরের চিন্তা করা হচ্ছে।

তিনি বলেন, “এখন ঢাকা শহরের কারওয়ান বাজারে সিটি করপোরেশনের একটি মাত্র পাইকারি বাজার আছে। এর বাইরে সরকার গাবতলী, লালবাগ, তেজগাঁও এবং যাত্রাবাড়ীতে আরো চারটি কাঁচাবাজার স্থাপনের উদ্যোগ নিয়েছে।”

এ সংক্রান্ত প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে। টাকা প্রাপ্তি সাপেক্ষে দ্রুত এসব বাজার স্থাপনের কাজ শুরু করা হবে বলে জানান তিনি।

এর আগে উপদেষ্টা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে ২৬টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত বৈঠকে অংশ নেন।

দেশে ও বিদেশে প্রশিক্ষিত জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে চারটি প্রকল্পে ২৬টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্পের কাজ এরই মধ্যে শুরু হয়েছে বলে উপদেষ্টা জানান।

সভায় মন্ত্রণালয়ের সচিব আশফাক হামিদসহ কারিগরি শিক্ষা বোর্ডের মহাপরিচালক, বিভিন্ন প্রকল্পের পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।