২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগের সঙ্গে এনডিআই এর বৈঠক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ দলের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা মঙ্গলবার এনডিআই প্রতিনিধিদের সঙ্গে এক গুলশানের একটি রেস্তেরাঁয় অনানুষ্ঠানিক বৈঠক করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 05:08 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

আওয়ামী লীগ নেতারা অবশ্য কোনো ধরনের বৈঠকের কথা অস্বীকার করে বলেছেন, এনডিআই প্রতিনিধিদের সঙ্গে দুপুরের খাবার খেতে সেখানে গিয়েছিলেন। কিন্তু বাংলাদেশে এনডিআই এর আবাসিক প্রতিনিধি ওয়েন লিপার্ট সাংবাদিকদের জানান, মধ্যাহ্নভোজের সময় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তারা কথা বলেছেন।

দুপুর একটায় আব্দুল জলিল গুলশানের খাজানা রেস্তরাঁয় আসেন। এরপর পরই সেখানে যান সাবের হোসেন চৌধুরী, ফারুক খান, আসাদুজ্জামার নূর, এইচ টি ইমাম প্রমুখ।

এনডিআই এর পক্ষে উপস্থিত ছিলেন আবাসিক প্রতিনিধি ওয়েন লিপার্ট ও সাইফুল করিম।

দুপুর আড়াইটায় মধ্যাহ্ন ভোজ শেষে ওয়েন লিপার্ট সাংবাদিকদের জানান, বাংলাদেশে রাজনৈতিক সংস্কার, নির্বাচনী প্রক্রিয়াসহ আরও কয়েকটি বিষয় নিয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে।

তবে এনডিআই এর যোগাযোগ পরামর্শক সাদিয়া সঈদ জানান, এটি তেমন গুরুত্বপূর্ণ কোনো বৈঠক নয়। অনানুষ্ঠানিক মধাহ্নভোজ মাত্র।

অন্যদিকে, বিকেলে দিলকুশায় নিজের মার্কেন্টাইল ব্যাংকের কার্যালয়ে আব্দুল জলিল সাংবাদিকদের জানান, ওয়েন লিপার্ট শিগগিরই বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন। তাই আওয়ামী লীগ নেতারা বিদায়ী মধ্যাহ্নভোজে গিয়েছিলেন। সেখানে রাজনৈতিক বিষয়ে কোনো কথা হয়নি বলে দাবি করেন তিনি।