গাজীপুরে আওয়ামী লীগের ১৯৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
কাপাসিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিএনপি নেতা হান্নান শাহ এর ভাইয়ের ছেলে ফকির ইস্কান্দার বাদী হয়ে সোমবার গাজীপুর আদালতে এ মামলা দায়ের করেন।
প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কাজী নুরুন্নাহার অভিযোগটি গ্রহণ নিয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, গত বছর ২৮ অক্টোবর সাবেক সাংসদ মো. শহীদুল্লাহ, আওয়ামী লীগ সভাপতি মো. আজগর রশিদ, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিনসহ আসামীরা বাদী ও তার চাচা হান্নান শাহ এর বাড়িতে হামলা করেন। এ সময় এক লাখ ২০ হাজার টাকা চুরি ও দুই লাখ টাকার ক্ষতিসাধন করা হয়।
এজাহারে আরও বলা হয়, হামলার সময় লোহার রড দিয়ে আঘাত করে জুয়েল, সোহেল, রনি, মুর্শিদ, দুলাল, রুহুল, আলম ও উজ্জ্বলকে জখম করা হয়। এ ঘটনার পরদিন হান্নান শাহ থানায় মামলা করতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা নেননি।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান মামলা দায়েরের কথা স্বীকার করেছেন।
