২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষিদ্ধ পণ্য সংখ্যা কমিয়ে অধিকতর উদার আমদানি নীতি ঘোষণা

আমদানি নিষিদ্ধ পণ্যের ধরণ ১৩১টি থেকে কমিয়ে ২৫টি করে ২০০৬-০৯ এই তিনটি অর্থবছরের জন্য সোমবার জাতীয় আমদানি নীতিমালা ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 08:24 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

নতুন নীতিমালা সোমবার থেকে কার্যকর হয়েছে। এর আগে ২০০৩-০৬ তিন অর্থবছরের নীতিমালার মেয়াদ রোববার শেষ হয়।

নতুন আমদানি নীতি আদেশে নিষিদ্ধ ও শর্ত সাপেক্ষে আমদানি যোগ্য পণ্য তালিকায় মোট ২৫ টি এইচএস হেডিং (পণ্য সনাক্তকরণের আন্তর্জাতিক ক্রম) অর্ন্তভুক্ত আছে। এর আগে ২০০৩-০৬ অর্থবছরের নীতিমালায় ১৩১ টি ধরণের পণ্য এবং ১৯৮৫-৮৬ অর্থবছরের নীতিমালায় ৭৫২ টি ধরণের পণ্য এইচএস হেডিং এ অর্ন্তভুক্ত ছিল।

বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন নীতিমালা ঘোষণার জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, “ আমরা বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য এবং বিশ্বায়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। আমদানি শুল্ক কমানোর জন্য বাধ্যবাধকতা রয়েছে।”

তিনি বলেন, “ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুসারে ও বিশ্বায়ন এবং মুক্ত বাণিজ্য অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে আমদানি নীতিমালাকে সহজ করা হয়েছে।”

উপদেষ্টা আরও বলেন, “ গত চার দশকে প্রমাণিত হয়েছে যে উচ্চ আমদানি শুল্ক আরোপ কোনো দেশের শিল্পায়নের ক্ষেত্রে সহায়ক নয়। এটা বাধা হিসেবে কাজ করে।”

নতুন নীতিমালায় শিল্পের কাঁচামালের ও মূলধনী যন্ত্রপাতির আমদানি মূল্য কমিয়ে দেশের রপ্তনি শিল্পকে মজবুত করা হবে। এলক্ষ্যে শিল্প নীতি, রপ্তানি নীতি ও অন্যান্য উন্নয়ন কর্মসূচীর সঙ্গে আমদানি নীতির সমন্বয় সাধন করা হয়েছে।

বাণিজ্য সচিব ফিরোজ আহমেদও অনুষ্ঠানে বক্তব্য দেন।

২০০৬-০৯ নীতিমালায় জনগণের স্বাস্থ্যের কথা চিন্তা করে হাঁস, মুরগী, পাখি এবং মাছের আমদানির ওপর নিয়ন্ত্রণ বাড়ানো হয়েছে।

ধর্মীয় অনুভূতিকে আঘাত করে এমন ধরনের বই, সংবাদপত্র, সাময়িকী, পোস্টার, ফটোফিল্ম, গ্রামোফোন রেকর্ড এবং অডিও ও ভিডিও ক্যাসেট আমদানি নিষিদ্ধ করা হয়েছে।

প্রথমবারের মতো সরকার পোল্ট্রি এবং মাছ আমদানির ক্ষেত্রে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং ফরমালিনের বিষয়টি মাথায় রেখে রপ্তানিকারক দেশের প্রত্যয়ন পত্র (নো অবজেকশন সার্টিফিকেট) গ্রহণ বাধ্যতামূলক করেছে।

সোডিয়াম সাইক্লামেট (ঘন চিনি), সকল প্রকার ডিম এবং শুকর ও শুকরজাত সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে।

নতুন নীতিমালায় শিল্প প্রতিষ্ঠানের স্বার্থ চিন্তা করে জরুরি আমদানির ক্ষেত্রে ঋণপত্র (এলসি) ছাড়া পণ্য আমদানির সীমা ২৫ হাজার ডলার থেকে বাড়িয়ে ৩৫ হাজার ডলার করা হয়েছে।

উপদেষ্টা জানান, সরকারের কর বহির্ভুত আয় বাড়াতে আমদানিকারকদের নিবন্ধন ফি বাড়ানো হয়েছে।

নীতিমালায় স্বীকৃত রপ্তানিমুখী তৈরিপোশাক শিল্প প্রতিষ্ঠানগুলোকে ব্যক-টু-ব্যাক ঋণপত্রের বিপরীতে শুল্ক কর্তৃপক্ষের পরিবর্তে বিজিএমইএর জারিকৃত ইউডিতে অনুমোদিত পরিমাণের কাঁচামাল ও মোড়ক সামগ্রী (নিয়ন্ত্রিত তালিকাভুক্ত পণ্যসহ) আমদানি সুবিধা প্রদান করা হয়েছে।

রিকন্ডিশন্ড গাড়ি এবং ফটোকপিয়ার শর্তযুক্তভাবে আমদানি করা যাবে।

প্রযুক্তিগত উন্নতির কারণে বর্তমান ব্যবহৃত পেন্টিয়াম থ্রি মডেলের চেয়ে নিম্ন মানের কম্পিউটার আমদানি করা যাবে না মর্মে প্রস্তাব রাখা হয়েছে। তবে শিক্ষা ও এনজিও খাতে অনুদান হিসেবে প্রাপ্ত পুরাতন মডেলের কম্পিউটার আমদানি করা যাবে।

আমদানিকৃত খাদ্য সামগ্রী ও পানীয়র মান নিশ্চিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়ণপত্র বাধ্যতামূলক করা হয়েছে।