২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দর বন্ধ, জেলায় জেলায় প্রস্তুতি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তজার্তিক বিমান বন্দর সোমবার বিকাল পাঁচটায় পর বন্ধ ঘোষণা করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 10:31 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

বিকাল ৩টা থেকে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কর্মকাণ্ডও বন্ধ রাখা হয়েছে। এদিকে ঢাকার সদরঘাট থেকে দেশের বিভিন্ন রুটের সব লঞ্চের যাত্রা বাতিল করা হয়েছে।

ঘূর্ণিঝড় ‘আকাশ’ মেকাবেলায় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালসহ উপকূলীয় জেলাগুলোতে সোমবার জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। পুনর্বাসন ও উদ্ধার অভিযানের জন্যও প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিপদ সংকেত ৭ থেকে আরো বাড়ানো হলে উপকূলের ঝুঁকিপূর্ণ নিচু এলাকাগুলো থেকে জনসাধারণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

বেলা ১১টায় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব আবদুল বারী খানের সভাপতিত্বে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির বাস্তবায়ন বোর্ডের এক অনুষ্ঠিত হয়। ওই সভায় ঢাকাসহ মাঠ পর্যায়ের দপ্তরগুলোর নিয়ন্ত্রণকক্ষ সার্বক্ষণিকভাবে খোলা রাখার সিদ্ধান্ত হয়। একইসঙ্গে ক্ষয়ক্ষতি ও প্রাণহানী কমাতে সব ধরনের প্রস্তুতি রাখার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়। স্বেচ্ছাসেবকদেরও যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে সকাল থেকেই হালকা বৃষ্টির খবর পাওয়া গেছে। ঝড় এগিয়ে আসায় কক্সবাজার ও চট্টগ্রামে দমকা বাতাসও বাড়ছে। স্থানীয় পর্যায়ে উপকূলীয় জেলাগুলোতে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম

বিরূপ হওয়ার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তজার্তিক বিমান বন্দর বিকাল পাঁচটার পর বন্ধ করে দেওয়া হয়েছে। চট্টগ্রাম সমুদ্র বন্দরের কর্মকাণ্ডও বিকেল ৩টা থেকে বন্ধ রাখা হয়েছে।

বিমান বন্দর কন্ট্রোল রুম থেকে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমান বন্দরে সব ধরনের ফ্লাইট ওঠা-নামা বন্ধ রাখা হয়েছে। এজন্য বিকাল পাঁচটার পর থেকে চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এছাড়া চট্টগ্রাম বন্দরের জাহাজগুলোকে নিরাপদ স্থানে নিয়ে আসা এবং বিআইডব্লিউটিসির ফেরি চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিকেল ৩টা থেকে কনটেইনার হ্যান্ডলিংও বন্ধ রাখা হয়েছে।

বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াহ্ইয়া সাঈদ জানান, সোমবার বিকেলে ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠকে চট্টগ্রাম বন্দরে তিনটি কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত হয়। কন্ট্রোল রুমগুলো সার্বক্ষণিকভাবে সচল থাকবে। তিনি নিজেও সারারাত অফিসে থাকবেন।

তিনি আরো জানান, ১৩টি বড় জাহাজকে বন্দরের ভেতরে নিয়ে আসা হয়েছে। ৯৪ টি ছোট জাহাজ ও ৬৩ টি মাছধরা ট্রলারকে কর্ণফুলী শাহ আমানত সেতুর উজানে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকটি জাহাজের ইঞ্জিন চালু রেখে ক্যাপ্টেনকে জাহাজে থাকতে বলা হয়েছে।

নৌবাহিনী, পুলিশ প্রশাসন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, নৌ-বাণিজ্য অধিদপ্তর, সড়ক ও জনপথ এবং বিআইডব্লিইটিসির প্রতিনিধিরা ওই সভায় উপস্থিত ছিলেন।

কক্সবাজার

কক্সবাজার শহর ও জেলার আশেপাশের এলাকায় রোববার রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। উপকূলীয় এলাকায় দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

দুর্যোগ মোকাবেলায় কক্সবাজার জেলা প্রশাসন ও জেলার ৮টি উপজেলা পরিষদে প্রস্তুতি কমিটি সোমবার কয়েকদফা সভা করেছে। এসব সভায় ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য তৈরি থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুর রহমান অপু জানিয়েছেন, আবহাওয়ার অধিদপ্তর ৮ নম্বর মহাবিপদ সংকেতে দেখাতে বললেই উপকূলীয় এলাকাগুলো থেকে জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হবে।

তিনি জানান, উপকূলীয় এলাকাগুলোতে মাইক ও মেগাফোনের মাধ্যমে জনগণকে সতর্ক করা হচ্ছে। তাদেরকে শুকনো খাবার মাটির নিচে পুঁতে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বাগেরহাট

বাগেরহাটের উপকূলীয় এলাকায় সকাল থেকেই মেঘলা আবহাওয়া বিরাজ করছে। কয়েক দফা বৃষ্টিও হয়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের বেগও তীব্রতর হচ্ছে।

বাগেরহাট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, জেলা সদরসহ উপকূলীয় উপজেলাগুলোতে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তারা ইউপি চেয়ারম্যানদের সঙ্গে সমন্বয় করে মাইকিং করে স্থানীয়দের বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা দিচ্ছেন।

মংলা কোষ্টগার্ড পশ্চিম জোনের কমাণ্ডার কাজী নজরুল ইসলাম জানিয়েছেন, কোস্টগার্ডের ৫টি জাহাজ নিরাপদ অবস্থানে থেকে বঙ্গোপসাগরে টহল অব্যাহত রেখেছে। জেলে নৌকা ও মাছ ধরা ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।

নোয়াখালী

নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগ মোকাবেলা কমিটির এক জরুরি সভা হয়।

নোয়াখালী জেলা প্রশাসক মো. হাবিবুল কবির জানান, হাতিয়া, সুবর্ণচর, সদর ও কোম্পানিগঞ্জ উপজেলা সদরেও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জরুরি সভা করে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।

পটুয়াখালী

গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় হালকা বৃষ্টি ও দমকা বাতাস বইছে। সকাল থেকেই ৬৪ ফুটের কম দৈর্ঘ্যরে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

পটুয়াখালী বন্দরের পরিবহণ পরিদর্শক মো. ইউনুছ জানান, সুমদ্র সৈকত কুয়াকাটা ৫ নম্বর সতর্ক সংকেতের আওতায় রয়েছে। একই সঙ্গে পটুয়াখালী নৌ বন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সদরঘাটে লঞ্চ বাতিল

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকার সদরঘাট থেকে দেশের বিভিন্ন রুটের সব লঞ্চের যাত্রা বাতিল করা হয়েছে। এ পরিস্থিতি কয়েক হাজার যাত্রী সদরঘাটে আটকা পড়েছেন।

সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, ঢাকার নৌ-বন্দরগুলোতে তিন নম্বার সতর্কতা সংকেত দেখানোর কারণে সব লঞ্চের যাত্রা বাতিল করা হয়েছে।

বরিশালগামী লঞ্চ পারাবত-৭ এর সুপারভাইজার দুলাল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “সদরঘাট কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।”

এদিকে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার যাত্রী বিপাকে পড়েছেন। বরিশালগামী যাত্রী অরুণ দেবনাথ জানান, তিনি গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু সদরঘাটে এসে হঠাৎ করে যাত্রা বাতিলের খবর পান। এখন বাধ্য হয়ে বাসায় ফিরে যাচ্ছেন।