ইকবালপুত্র মঈন আটক, ট্রাফিক আইন ভাঙার অভিযোগে মামলা
আওয়ামী লীগের সাবেক সাংসদ ডা. এইচ বি এম ইকবালের ছেলে মঈন ইকবালকে রোববার রাত আড়াইটার দিকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে সোমবার তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জাহিদুল ইসলাম জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে ঢাকার দিকে যাওয়ার সময় গাজীপুরের কড্ডা ব্রিজের কাছে মঈনের গাড়ি থামানোর নির্দেশ দেয় পুলিশ। কিন্তু মঈন নির্দেশ অমান্য করে গাড়ির গতি বাড়িয়ে দিলে পুলিশ পিছু ধাওয়া করে। এক পর্যায়ে মাওনা চৌরাস্তায় হাইওয়ে পুলিশ ফাঁড়ির কাছ থেকে তাকে আটক করা হয়।
খন্দকার জাহিদুল ইসলাম জানান, ট্রাফিক আইন ভাঙার অভিযোগে সোমবার সকালে মঈন ইকবালের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি মামলা হয়েছে।
