২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জেএমবি নেতা গ্রেপ্তার

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে বোমা হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জেএমবি নেতা মন্তেজার রহমানকে ক্ষেতলাল উপজেলার নিশ্চিতা এলাকা থেকে সোমবার ভোরে গ্রেপ্তার করেছে জয়পুরহাটের র‌্যাব সদস্যরা।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 05:59 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

র‌্যাব ক্যাম্পের কমান্ডার মেজর শাহ আলী জানান, মাইক্রোবাসে বগুড়া থেকে জয়পুরহাট আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে মন্তেজারকে গ্রেপ্তার করা হয়।

১৭ আগস্ট বোমা হামলা ছাড়াও মন্তেজারের বিরুদ্ধে নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগ আছে।

২০০৩ সালের ১৪ আগস্ট মধ্যরাতে ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর গ্রামে তার বাড়িতে দুই শতাধিক জঙ্গির বৈঠক চলার সময় পুলিশ সেখানে হানা দেয়।

এরপর জঙ্গি-পুলিশ সংঘর্ষে তখনকার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইকবাল সফিসহ সাত পুলিশ সদস্য গুরুতর আহত হন। এ সময় পুলিশের তিনটি শটগান, একটি ম্যাগজিন, ৪০ রাউন্ড গুলি ও একটি ওয়ালেস সেট লুট করে জঙ্গিরা।

ঐ ঘটনায় আতাউর রহমান সানি, আব্দুল আউয়ালসহ ১৯ জঙ্গিকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।

এ ঘটনার পর থেকে মন্তেজার পলাতক ছিল। ২০০৫ সালে দেশে একযোগে বোমা হামলার ঘটনায় আসামী করা হয়।