কারিগরি শিক্ষা বোর্ডে দুই সাংবাদিককে মারধর
কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দুর্নীতি সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করায় সোমবার দৈনিক জনকণ্ঠ এর সাংবাদিক মোশতাক আহমেদ ও তার সঙ্গী এক সাংবাদিককে মারধর করেছেন কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।
মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, সোমবার দৈনিক জনকণ্ঠে ‘কারিগরি বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, শোকজ করেছে শিক্ষা মন্ত্রণালয়’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের কারণে চেয়ারম্যান ড. ইদ্রিস আলী তাকে বোর্ড কার্যালয়ে ডেকে পাঠান।
সকালে মোশতাক আহমেদ ইংরেজি দৈনিক নিউ এজ এর সাংবাদিক সিদ্দিক খানকে নিয়ে কারিগরি বোর্ডে যান। এসময় সংস্থাটির চেয়ারম্যান তাকে ওই প্রতিবেদন লেখার কারণ জিজ্ঞেস করেন। এ সময় মোশতাক চেয়ারম্যানকে জানান, “প্রতিবেদনের পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে, এরপরও আপত্তি থাকলে আপনি প্রতিবাদ পাঠান।”
এক পর্যায়ে মোশতাক আহমেদ ও সিদ্দিক খান উঠতে চাইলে চেয়ারম্যান ড. ইদ্রিস আলী বলেন, কোথায় যাবেন আপনারা, বসুন। এ সময় মোশতাক জনকণ্ঠের বার্তা সম্পাদককে ফোন করতে গেলে চেয়ারম্যান তার হাত থেকে ফোন কেড়ে নিয়ে অকথ্য গালিগালাজ করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানিয়েছেন, সিদ্দিক খান।
পরে চেয়ারম্যানের নির্দেশে বোর্ডের সচিব শাহজাহান ও চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারীসহ আরও কয়েক কর্মকর্তা সিদ্দিক ও মোশতাককে মারধর করেন। এক পর্যায়ে পাশের আনসার ক্যাম্পের সদস্যরা এসে পরিস্থিতি সামাল দেন।
বিকেল ৪টা ২০ মিনিটে মোবাইল টেলিফোনে যোগাযোগ করা হলে কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যান ড. ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, সাংবাদিকদের মারা হয়নি। তবে উচ্চস্বরে কথা কাটাকাটি হয়েছে। সাংবাদিকেরা বেরিয়ে যাওয়ার পরে আবার দৌড়ে তার কক্ষে ঢোকেন। বাইরে কর্মচারিদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ায় কর্মচারীরা সাংবাদিকদের ধাওয়া করে বলে তিনি দাবি করেন। দৌড়ে তার কক্ষে প্রবেশের সময় মোশতাক দরজায় আঘাত পেয়েছেন বলে তিনি জানান।
কর্মচারীরা সাংবাদিকদের মারধর করেছে কি না-জানতে চাইলের বোর্ডের চেয়ারম্যান জানান, এটা তিনি দেখেন নি। তিনি নিজের কক্ষে ছিলেন, তবে বাইরে কিছু একটা হয়েছে বলে তিনি শুনেছেন।
জনকণ্ঠ সাংবাদিক মোশতাক আহমেদ বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, তারা এখন মামলা করার প্রস্ততি নিচ্ছেন।
দৈনিক সমকালের সাংবাদিক ইশতিয়াক হুসাইন ও সাব্বির নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, মোশতাককে মারধরের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। গিয়ে দেখতে পান মোশতাককে মেরে আহত করা হয়েছে। পরে তারা এ বিষয়টি নিয়ে বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেন। খবর পেয়ে পুলিশ ও র্যাব সদস্যরাও ঘটনাস্থলে এসেছেন বলে তারা জানান।
এ ঘটনায় কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. ইদ্রিস আলীকে প্রধান আসামী করে সোমবার সন্ধ্যায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
