বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের ভুল ধারণা দূর হয়েছে: ফারুক সোবহান
প্রধান উপদেষ্টার বিশেষ দূত ফারুক সোবহান তার যুক্তরাষ্ট্র সফরকে ফলপ্রসূ দাবি করে বলেছেন, এর মধ্য দিয়ে বাংলাদেশের চলমান পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের ভুল ধারণার অবসান হয়েছে।
নয়দিনের সফর শেষে সোমবার সকালে দেশে ফিরে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের আরও বলেন, “যুক্তরাষ্ট্রের সবাই বলেছেন, বাংলাদেশ সম্পর্কে তাদের কিছু ভুল ধারণা ছিল। আলাপ আলোচনার পর তারা পরিস্থিতি ভালোভাবে বুঝতে পারছেন।”
ফারুক সোবহান জানান, দেশ পরিচালনায় সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কেও বিভিন্ন প্রশ্নের জবাব দিতে হয়েছে তাকে। যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের তিনি জানিয়ে এসেছেন, সামরিক বাহিনী তত্ত্বাবধায়ক সরকারকে সহায়তা করছে মাত্র।
নির্বাচনের জন্য দীর্ঘ সময়ের প্রয়োজনীয়তাও আমেরিকান নেতাদের কাছে ব্যাখ্য করা হয়েছে বলে জানান ফারুক সোবহান। যুক্তরাষ্ট্র যাওয়ার আগে নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছেন জানিয়ে তিনি বলেন, আমি তাদের জানিয়েছি ছয় মাস সময় লাগবে প্রযুক্তিগত কাঠামো ঠিক করতে। তারপর ভোটার নিবন্ধনের কাজ শুরু হবে। তাতে প্রায় নয় মাস থেকে এক বছর সময় লাগতে পারে।
সফরকালে তিনি জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে সাক্ষাৎ করে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে জাতিসংঘের সহযোগিতা চান। বান কি মুন এক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে ফারুক সোবহান সাংবাদিকদের জানান।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের পদক্ষেপ এবং ভবিষ্যত পরিকল্পনা বুশ প্রশাসনের কাছে ব্যাখ্যা করতে প্রধান উপদেষ্টার বিশেষ দূত হিসেবে গত ৩ মে ফারুক সোবহান যুক্তরাষ্ট্র সফরে যান।
সেখানে তিনি যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি নিকোলাস বার্নস, কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলিসহ কয়েকজন প্রভাবশালী আইন প্রণেতার সঙ্গে কথা বলেন।
