২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগার থেকে হাসপাতালে চট্টগ্রামের মেয়র

চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে অসুস্থ অবস্থায় রোববার গভীর রাতে বান্দরবান কারাগার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 12:45 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, রাত আড়াইটার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। বুকে শ্বাসকষ্ট, প্রসাবের সমস্যা, তলপেটে ব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

মেয়রের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগ বিভাগের ডা. অধ্যাপক মনজুর মোর্শেদসহ ১০ সদস্যের একটি বোর্ড গঠন করা হয়েছে।

সোমবার বেলা পৌনে ১২টায় ডা. অধ্যাপক মনজুর মোর্শেদ সাংবাদিকদের জানান, “এখন মেয়রের অবস্থা স্থিতিশীল এবং তিনি বিপদমুক্ত। শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষার জন্য কয়েকটি টেস্ট করতে দেওয়া হয়েছে। সন্ধ্যা নাগাদ সেগুলোর প্রতিবেদন পাওয়া যাবে। তবে মহিউদ্দিন চৌধুরী গতকালের থেকে আজ (সোমবার) অনেকটাই ভাল আছেন।”

এই মুহূর্তে মহিউদ্দিন চৌধুরীকে ঢাকা বা অন্য কোথাও স্থানান্তর করা হবে না বলে জানান তিনি।

এদিকে চট্টগ্রামের মেয়রকে হাসপাতালে ভর্তি করার পর সেখানে র‌্যাব, পুলিশ ও বিডিআর এর পাহারা বসানো হয়েছে।