চাঁদাবাজির মামলায় কক্সবাজারের সাবেক বিএনপি সাংসদ মাহফুজ উল্লাহ ফরীদ গ্রেপ্তার
বিএনপি দলীয় সাবেক সাংসদ আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরীদকে রোববার ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব সদস্যরা রোববার দুপুর দুইটার দিকে জাতীয় সংসদ ভবন এলাকায় ন্যাম ফ্লাট থেকে তাকে গ্রেপ্তার করে।
তিনি বিগত জাতীয় সংসদে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ ছিলেন।
এদিকে সাংসদ ফরীদের সহযোগী বলে পরিচিত চট্টগ্রামের বাঁশখালীর হোয়ানক ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহেরকে দুপুরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৩ এর সহকারি পুলিশ সুপার সিরাজ আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, মাহফুজ উল্লাহ ফরীদকে কক্সবাজারের মহেশখালী থানায় দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মামলা নাম্বার ১৪, তারিখ ১৫/৩/০৭।
ফরীদকে বর্তমানে র্যাব-৩ কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর এর কক্সবাজার প্রতিনিধি জানান, মাহফুজ উল্লাহ ফরীদ এবং তার বাহিনী দীর্ঘ দিন থেকে কক্সবাজারের সোনাদিয়া দ্বিপের ৫ হাজার একর খাস জমি দখল করে ছিল। সম্প্রতি যৌথবাহিনী অভিযান চালিয়ে ওই জমি উদ্ধার করে। এছাড়া তার বিরুদ্ধে পাহাড় কেটে ইটভাটা নির্মাণেরও অভিযোগ রয়েছে।
