পরিবারতন্ত্রের বিরুদ্ধে এখন কথা বলছেন তারা: অলি
পরিবারতন্ত্রের বিরুদ্ধে বিএনপির সংস্কারপন্থি নেতারা কথা বলায় খুশি হয়েছেন লিবারেল ডেমোক্রিটিক পার্টির (এলডিপি) নির্বাহী সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ।
তবে তিনি বলেছেন, ক্ষমতায় থাকাকালে তারা প্রতিবাদ করলে বিএনপিতে এমন দুর্যোগ আসতো না। আজ তারা খালেদা জিয়ার অসহায়ত্ব দেখে মুখ খুলছেন।
রোববার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর-কে দেওয়া প্রতিক্রিয়ায় কর্নেল অলি এই মন্তব্য করেন। বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ এই সদস্য গত বছরের ২৬ অক্টোবর দলের দূর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে বক্তব্য রেখে দল থেকে পদত্যাগ করে এলডিপি গঠন করেন। তাঁর সঙ্গে ১২ সিনিয়র নেতা ও সাংসদও বিএনপি ছাড়েন।
অলি আহমেদ বলেন, গত ৫ বছর আমি বিএনপির পরিবারতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। বেগম জিয়াকে বলেছিলাম-তারেক রহমানকে রাজনীতিতে না আনার জন্য। কিন্তু তিনি আমার পরামর্শ শোনেননি। আজ তারেকের পরিণতির জন্য ওই সিনিয়র নেতারাও দায়ি।
তিনি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের প্রতি ইংগিত করে বলেন, ওই সময়ে কেবল ক্ষমতা ও মন্ত্রিত্বের জন্য তারা কোনো কথা বলেননি। কেবল তোষামদি করেছেন। এখন সময় বুঝে তারাই আবার মুখ খুলছেন। এজন্য আমি আনন্দিত। তবে তাদের ধন্যবাদ দিতে পারব না।
সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক দলের ভেতরে সংস্কারসহ পরিবারতন্ত্রের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য রাখলে বিএনপির ভেতরে-বাইরে আলোড়ন সৃষ্টি হয়েছে।
