জাতিসংঘ কর্মকর্তাদের নির্বাচন পরিকল্পনা জানিয়েছেন ফারুক সোবহান
২০০৮ সাল শেষ হওয়ার আগেই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জাতিসংঘের শীর্ষস্থানীয় কমর্কর্তাদের জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের বিশেষ দূত ফারুক সোবহান।
শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থার মহাসচিব বান কি মুনের সঙ্গে দেখা করে ফারুক সোবহান বাংলাদেশে একটি আবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে তত্ত্বাবধায়ক সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ বর্ণনা করেন। পরে তিনি জাতিসংঘের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করেন।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ সহাসচিব তত্ত্বাবধায়ক সরকারের বিশেষ প্রতিনিধিকে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তার সংস্থার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
জাতিসংঘ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় ফারুক সোবহান বলেন, “গত সরকারের আমলে নষ্ট করে ফেলা প্রতিষ্ঠানগুলো সংস্কারের চেষ্টা করছি আমরা। নতুন করে ভোটার তালিকা তৈরির কাজ চলছে। প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা দিয়েছেন, ২০০৮ সাল শেষ হওয়ার আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি বলেন, “বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বেশকিছু সংস্কার কর্মসূচি রয়েছে। এই সরকার সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।”
এছাড়া দুর্নীতি বিরোধী অভিযান এবং নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার প্রক্রিয়া সম্পর্কেও জাতিসংঘ কর্মকর্তাদের অবহিত করেন ফারুক সোবহান।
