সম্পদের হিসাব না দেওয়ায় জয়নাল হাজারির ৩ বছর কারাদণ্ড
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় ফেনী-২ আসনে আওয়ামী লীগ এর সাবেক সাংসদ জয়নাল হাজারিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ফেনীর সিনিয়র স্পেশাল জজ মো. নজরুল ইসলাম রোববার বেলা পৌনে ১১ টার দিকে হাজারীর অনুপস্থিতিতে এ রায় দেন।
জয়নাল হাজারীকে গ্রেপ্তার করা বা তিনি আত্মসমর্পণ করার পর এ দণ্ড কার্যকর হবে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব না দেওয়ায় ফেনী জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক শফিকুর রহমান ভুঁইয়া বাদী হয়ে গত ৮ এপ্রিল ফেনীর সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি দায়ের করেছিলেন।
২৩ এপ্রিল তার বিরুদ্ধে অভিযোগ গঠনের পর ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত মামলার বাদী ও চারজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশন প্রকাশিত সন্দেহভাজন শীর্ষ ৫০ দুর্নীতিবাজের নামের তালিকায় জয়নাল হাজারির নাম রয়েছে। গত ২০ মার্চ কমিশনের কর্মকর্তারা ৭২ ঘণ্টার মধ্যে তাকে হাজির হয়ে সম্পত্তির হিসাব দেওয়ার নির্দেশ দেন। কিন্তু তিনি বা তার পক্ষে কেউ সম্পত্তির হিসাব জমা দেননি।
২০০১ সালের ১৭ আগস্ট থেকে জয়নাল হাজারি পলাতক আছেন।
