ইলিয়াস আলীর বিরুদ্ধে দায়ের করা মামলার বাদীকে আসামী করে মামলা
বিএনপির সাবেক সাংসদ ইলিয়াস আলীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়েরকারী বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য আঙ্গুরা বেগমের বিরুদ্ধে শনিবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে।
খাজাঞ্চি ইউনিয়নের মদনপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আফতাব আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, ওই মহিলা সদস্য সরকারি টিউবওয়েল পাইয়ে দেওয়ার কথা বলে তার কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন ।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই বলেন, এজাহার দাখিল করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে তা নথিভুক্ত করা হবে।
আঙ্গুরা বেগম শুক্রবার বিকেলে সিলেট কোতোয়ালি থানায় ইলিয়াস আলীসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেন।
