এই পরিস্থিতির দায় বিএনপির, রাষ্ট্রপতি সংবিধান লংঘন করেছেন: সাইফুর
দেশের বর্তমান পরিস্থিতির জন্য নিজ দল বিএনপিকে দায়ী করে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান বলেছেন, সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরীকে প্রধান উপদেষ্টা না করে নিজে সে দায়িত্ব নিয়ে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ সংবিধানের গুরুতরভাবে সংবিধান লংঘন করেছেন।
শনিবার বেসরকারি টেলিভিশন এনটিভিকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির প্রবীন এই সদস্য দলের সংস্কার, তার ভবিষ্যত রাজনৈতিক পন্থাসহ নানা বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।
গত কয়েকদিন ধরে বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতার দলের নেতৃত্ব নিয়ে বক্তব্য দেওয়ার পর সাইফুর রহমান এ ধরনের কথাবর্তা বললেন।
নিজে আর কখনো নির্বাচনে অংশগ্রহন করবেন না জানিয়ে তিনি বলেন, নতুন দল গঠন হওয়া প্রয়োজন। এতে করে আওয়ামী লীগ ও বিএনপির ওপর চাপ তৈরি হবে। তবে নিজে বিএনপিতেই থাকছেন বলেও জানান তিনি।
দলে সংস্কারের প্রয়োজনীয়তা অত্যাবশ্যক মন্তব্য করে খালেদা জিয়ার ভাই সাঈদ এস্কান্দারকে সহ সভাপতি করায় হতাশা প্রকাশ করে সাইফুর হমান বলেন, “ এটা বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনা। আমি জানি না কার পরামর্শে উনি (খালেদা জিয়া) একাজ করেছেন।”
রাজনীতিকে পারিবারিক স্বার্থে থেকে মুক্ত করার কথাও বলেন তিনি।
সাইফুর রহমান দাবি করেন, গত সরকারের সময় বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরীকে তত্ত্বাবধাযক সরকারের প্রধান উপদেষ্টা এবং ভোটার তালিকা হালনাগাদ করার জন্য তিনি মত দিয়েছিলেন। কিন্তু, তখন তার কথা শোনা হয়নি।
তিনি বলেন,“ আমি তখন ভোটার তালিকা হালনাগাদের কথা বলেছিলাম। কিন্তু, বলা হলো যে, আমি টাকা দিতে চাই না। পরে হাই কোর্টও ভোটার তালিকা হালনাহাদের কথাও বললো।”
প্রায় তিনদশক ধরে বিএনপির রাজনীতির সাথী সাইফুর দেশের বর্তমান পরিস্থিতির জন্য তার নিজের দলকেই দায়ী করে বলেন, বিচারপতিদের বয়স বাড়ানো এবং বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরীকে প্রধান উপদেষ্টা না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
দলের সংস্কারের ব্যাপারে তার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন,“আমি সংস্কারের পক্ষে । আমি যা বলার দলের চেয়ারপার্সনের সামনেই বলি। আমি তার পেছনে কিছু বলি না।”
দলের মহাসচিব সম্পর্কে তিনি বলেন, এই পরিস্থিতিতে দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। সাইফুর রহমান বলেন,“ আওয়ামী লীগের জলিল য়েরকম করেছেন উনিতো তা করতে পারেননি।”
