২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষার খাতা বাড়িতে রাখার অভিযোগে যশোরে ৪ শিক্ষক গ্রেপ্তার

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার খাতা বাড়িতে রাখার অভিযোগে যশোরে গ্রেপ্তার হয়েছেন এক অধ্যক্ষসহ চার শিক্ষক।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2007, 10:51 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

শনিবার বিকালে পুলিশ ওই শিক্ষকদের গ্রেপ্তার করে। তাদের কাছে পাওয়া যায় পরীক্ষার ৫৩ টি উত্তরপত্র।

অভিযোগ রয়েছে, পরীক্ষার্থীদের বাসায় বসিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছিল।

গ্রেপ্তারকৃতরা হলেন, কেশবপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সবেদ আলী, উপাধ্যক্ষ ওয়াজেদ আলী এবং শিক্ষক ইকবাল আহমেদ ও আনিছুর রহমান।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল আলম থানায় মামলা করার পরই তাদের গ্রেপ্তার করা হয়।

নূরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, কেশবপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গত শুক্রবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসির গণিত পরীক্ষা ছিল। এতে পরীক্ষার্থী ছিল ২৮১ জন। ৫৩টি খাতা কেন্দ্রের বাইরে রেখে দেয়া হয়েছে- এমন খবর পেয়ে শনিবার বিকেলে অভিযান চালিয়ে ওয়াজেদ আলীর বাড়ি থেকে ২০টি, ইকবাল আহমেদের বাড়ি থেকে সাতটি এবং আনিছুর রহমানের বাড়ি থেকে ২৬টি উত্তরপত্র উদ্ধার করা হয়।