টাঙ্গাইলে বাসে ডাকাতি, ছুরিকাঘাতে এক যাত্রী ও গণপিটুনিতে তিন ডাকাত নিহত
টাঙ্গাইলে শুক্রবার রাতে গ্রীনলাইন পরিবহনের ভলবো বাসে ডাকাতির সময় ডাকাতদের ছুরিকাঘাতে এক বাস যাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছেন।
ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর গণপিটুনিতে তিন ডাকাত নিহত হয়। এছাড়া পুলিশ চার জনকে গ্রেপ্তার ও ডাকাতি করা মালামাল উদ্ধার করেছে।
ডাকাতদের ছুরিকাঘাতে নিহত সৌমিত্র কুমার দেব (৩৫) লালমনিরহাট সদরের সাপটানা এলাকার চিত্তরঞ্জন দেব এর ছেলে। তিনি ঢাকায় ইউএনডিপি এর প্রোগ্রাম অফিসার ও পুলিশের রিফর্ম প্রজেক্টের সদস্য ছিলেন।
গণপিটুনিতে নিহত ডাকাতরা হচ্ছে, যশোরের ঝিকরগাছা থানার কাগমারী গ্রামের সেলিম (৩২), খুলনার খানজাহান আলী থানার মত্তম গঙ্গা গ্রামের গোলজার হোসেন রবিউল (৪৫) ও গাছিয়া গ্রামের আসলাম (৩০)।
গ্রেপ্তার হওয়া চার ডাকাত হচ্ছে, নিহত গোলজার হোসেনের ভাই সেলিম শেখ (৩২), মাইক্রোবাসের চালক মানিকগঞ্জের সিঙ্গাইর থানার দেউনী খানপাড়ার আজিজুল আলী (৩০), পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার দক্ষিণ আমরা গাছিয়া গ্রামের মিলন হাওলাদার (৩০) ও যশোরের ঝিকরগাছা থানার পারবাজার এর আবদুস সোবহান।
টাঙ্গাইলের পুলিশ সুপার শেখ মুহম্মদ মারুফ হাসান শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, রংপুর থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম রুটের বাসটি (ঢাকা-মেট্রো ব-১৪-১০৭৩) শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় টাঙ্গাইলের এলেঙ্গায় পৌঁছলে যাত্রীবেশী ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে চালককে আঘাত করে এর নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
ডাকাতরা যাত্রীদের ছুরিকাঘাত করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে রাত ৮ টার দিকে করটিয়ার কাছে তীরহুষিয়ায় নেমে যায়।
এ সময় বাসের আহত চালক মির্জাপুর থানার জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে গাড়িটি চালিয়ে নিয়ে গিয়ে নিজেই নিস্তেজ হয়ে পড়েন। পুলিশ সংবাদ পেয়ে সেখান থেকে আহত যাত্রীদের নিয়ে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করে।
ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় ইউএনডিপি এর সৌমিত কুমার দেব মির্জাপুর হাসপাতালে ভর্তির পর মারা যান।
এছাড়া গ্রিনলাইন বাসের চালক রংপুরের ধাপ হাজীপাড়ার জিকরুল হক, সুপারভাইজার দিনাজপুরের বোচাগঞ্জ থানার মল্লাপাড়া গ্রামের পথিক ওরফে ফারুক এবং যাত্রী রংপুরের কামাল কাছনার মজিবর রহমানকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ডাকাতদল বাস থেকে নেমে তাদের মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-৫১-৭৭৭৮) নিয়ে পালিয়ে যাওয়ার সময় দেলদুয়ার থানার উপ-পরিদর্শক মোতালেব হোসেন টাঙ্গাইল-নাগরপুর সড়কের ভুরভুরিয়াতে তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় দুজনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। পরে রাতেই গণপিটুনিতে তিন ডাকাত নিহত হয়।
এছাড়া পুলিশ জনগণের সহায়তায় আটক করে আরও দুই ডাকাতকে।
বাসের যাত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, গ্রীনলাইন বাসে প্রতিদিন মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি ও ভিডিও চিত্র ধারণ করা হলেও শুক্রবার তা করা হয়নি।
