আগে ৩ সিটি কর্পোরেশন ও ৪৪ পৌরসভায় নির্বাচন করতে চায় সরকার
জাতীয় সংসদ নির্বাচনের আগেই ঢাকা, খুলনা ও রাজশাহী সিটি কর্পোরেশন এবং ৪৪ টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করেছে সরকার। এজন্য সংশ্লিষ্ট এলাকার ভোটার তালিকা অগ্রাধিকার ভিত্তিতে করতে নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
তত্ত্বাবধায়ক সরকারের নীতি নির্ধারকদের একটি সূত্র এসব তথ্য জানিয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ হুমায়ুন কবির বৃহস্পতিবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর কে টেলিফোনে বলেন, “অগ্রাধিকার ভিত্তিতে কিছু এলাকায় ভোটার তালিকা তৈরি করার বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। সরকারের যেকোনো যৌক্তিক পরামর্শ বা অনুরোধ কমিশন অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।”
তিনি আরও বলেন, সরকারের ইচ্ছা অনুযায়ী সংশ্লিষ্ট এলাকা দিয়ে ভোটার তলিকা করার কাজ শুরু করা যেতে পারে। এতে কোনো সমস্যা নেই। কারণ কোনো না কোনো এলাকা দিয়ে তো কাজ শুরু করতেই হবে।
অবশ্য এ বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল এর সঙ্গে বুধবার যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। তবে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিবের সঙ্গে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের একটি বৈঠক হয়েছে বলে তিনি স্বীকার করেন ।
একই দিন ওই মন্ত্রণালয়ের একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানায়, “সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের সচিব সফর রাজ হোসেন ও নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিবের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা, খুলনা ও রাজশাহী সিটি কর্পোরেশন এবং ৪৪ টি পৌর এলাকায় ভোটার তালিকা দ্রুত তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ তিনটি সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ জুন মাসে এবং ডিসেম্বরের মধ্যে ৪৪ টি পৌরসভার মেয়াদ শেষ হবে।”
সূত্র আরও জানায়, সিটি কর্পোরেশন ও পৌরসভা আইন অনুযায়ী পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান প্রতিনিধিরা দায়িত্ব পালন করবেন। কিন্তু দেশে জরুরি অবস্থা জারির পর অধিকাংশ নির্বাচিত প্রতিনিধি গা ঢাকা দিয়েছেন বা দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। ফলে এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ব্যহত হচ্ছে।
উদ্ভূত পরিস্থিতিতে সিটি কর্পোরেশন ও পৌরসভায় প্রশাসক নিয়োগ করার একটি উদ্যোগ নিয়েছিল স্থানীয় সরকার বিভাগ। এ সংক্রান্ত একাটি প্রস্তাব অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়েও পাঠানো হয়েছিল। কিন্তু সংবিধান সংশোধন না করে প্রশাসক নিয়োগ করা আইন সম্মত হবে না বলে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে এখন সংসদ না থাকায় সংবিধান সংশোধন করার কোনো সুযোগ নেই। অন্যদিকে নির্বাচিত প্রতিনিধি ছাড়া প্রশাসক নিয়োগ করে স্থানীয় পর্যায়ে শাসনের ভার দেওয়ার বিধান সংবিধানে নেই। এ কারণেই প্রশাসক নিয়োগ সংক্রান্ত স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবে নেতিবাচক মতামত দেওয়া হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকারের নীতি নির্ধরণী একটি সূত্র জানায়, আইন মন্ত্রণালয়ের নেতিবাচক মতামত পাওয়ার পরই সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে প্রশাসক নিয়োগ করার সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার।
