ফরিদপুর ও পটুয়াখালীতে দুর্ঘটনায় নিহত ৩
ফরিদপুর ও পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় শুক্রবার তিন জন নিহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর এর ফরিদপুর প্রতিনিধি জানান, বিকাল সাড়ে চারটার দিকে বোয়ালমারী উপজেলার মহীশালায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কে ট্রাকচাপায় দুই মটর সাইকেল আরোহী নিহত ও এক জন আহত হন।
নিহতরা হলেন, বাবুল বিশ্বাস (২৫) ও হাফিজ বিশ্বাস (৩০)। আহত মিঠুন বিশ্বাসকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি মধুখালীর সাড়াখোলা গ্রামে।
বোয়ালমারীর জয়পাড়া পুলিশ ফাঁড়ির কর্তব্যরত কর্মকর্তা উপ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে ওই মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি মামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর এর পটুয়াখালী প্রতিনিধি জানান, হেতালিয়া বাঁধঘাট এলাকার বড়বাড়ি সড়কে মোটর সাইকেল চাপা পড়ে রাবেয়া বেগম (৬০) নামে এক পথচারী মারা যান।
নিহতের নাতনি শাওন জানান, সকাল সাড়ে ৯টার দিকে বেপরোয়া গতিতে আসা একটি মোটর সাইকেল রাবেয়া বেগমকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর একটায় তার মৃত্যু হয়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ দেলোয়ার হোসেন জানান, মোটর সাইকেল আরোহীকে সনাক্ত করা যায়নি। তবে মামলা করার প্রস্তুতি চলছে।
