বরিশালে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪ জনের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন
বরিশালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ছয়জনের মধ্যে চারজনের লাশ শুক্রবার দুপুরে বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান-ই-মফিদুল ইসলামের মাধ্যমে মুসলিম গোরস্তানে দাফন করা হয়েছে।
নিহত অপর দুই সহোদরের লাশ আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে।
আঞ্জুমান-ই-মফিদুল ইসলামের অফিস সহকারী মো. সামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেছেন, বানারীপাড়া থানার উপ পরিদর্শক আবদুল আলিম ছয়টি লাশ বেওয়ারিশ হিসেবে তাদের কাছে হস্তান্তর করেন।
গোরস্তানের তত্ত্বাবধায়ক জাকির হোসেন জানান, দুপুর ১২ টার দিকে চারটি লাশ দাফন করা হয়েছে। বাকি দুটো লাশ তাদের আত্মীয়রা সনাক্ত করেছে। তারা হচ্ছেন টিটু মোল্লা এবং তার বড় ভাই মিলন মোল্লা।
বানারীপাড়া থানা পুলিশ জানিয়েছে, টিটু এবং মিলনের ফুপাতো বোন মুন্নি বেগম পরিবারের পক্ষ থেকে শুক্রবার জুমার নামাজের পর লাশ দুটি গ্রহণ করেন। এর আগে নিহতদের মা চন্দ্রবানু (৫০) দাবি করেছেন, “ছেলেরা সম্পূর্ণ নির্দোষ। তারা কৃষিকাজ করতো। কোনরকম ডাকাতির সঙ্গে জড়িত ছিল না।”
তবে জেলা পুলিশ সুপার তৌফিক মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, ডাকাতির সুনির্দ্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। নিহত মিলন ডাকাতির মামলার আসামী ছিলেন।
থানার উপ পরিদর্শক ফরিদ-উজ্জামান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি, সরকারি কাজে বাধাদান, অস্ত্র আইন এবং বন্দুকযুদ্ধের অভিযোগে বানারীপাড়া থানায় পৃথক চারটি মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে বানারীপাড়া উপজেলার মাদারকাঠি গ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ছয়জন ‘ডাকাত’ নিহত হয়।
