দাতা গোষ্ঠির বিভিন্ন প্রকল্পই বনসম্পদ ধ্বংসের প্রধান কারণ
বিদেশী দাতা গোষ্ঠিগুলোর পরামর্শে নানান ধরনের প্রকল্প গ্রহণ করার ফলেই দেশের বনসম্পদ ধ্বংস ক্রমশ হয়ে যাচ্ছে।
এসব পরামর্শেরই অংশ হিসেবে সরকার প্রাকৃতিক বনাঞ্চল উজাড় করে বিদেশি গাছ লাগানো ছাড়াও ইকো পার্কসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। ফলে জীব-বৈচিত্র্যসহ বনের আদিবাসী মানুষের অস্তিত্ব এখন বিলুপ্তির পথে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর আয়োজনে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে শুক্রবার ‘ইকো-পার্ক, আদিবাসী ও পরিবেশ: মধুপুর অভিজ্ঞতা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এই অভিমত প্রকাশ করেন।
বাপার সহ সভাপতি অধ্যাপক কাজী মদিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. খন্দকার মোকাদ্দেম হোসেন ও ড. ফরিদা খান। বক্তব্য রাখেন বেসরকারি সংস্থা সেড এর নির্বাহী পরিচালক ফিলিপ গাইন, অধ্যাপক এইচ কে আরেফিন, আদিবাসী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান অজয় এ ম্রী।
বৈঠকে বক্তারা বন রক্ষার স্বার্থে ইকো-পার্ক প্রকল্পের বিরুদ্ধে প্রগতিশীল লোকজনকে আদিবাসীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ফিলিপ গাইন বলেন, বিশ্বব্যাংক, এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সহ বিদেশি দাতা সংস্থাগুলোর পরামর্শে মধুপুরসহ অন্যান্য বনাঞ্চলে শাল ও সেগুন গাছ কেটে সেখানে লাগানো হচ্ছে একাশিয়া, ইউক্যালিপটাস ও রাবার গাছের মতো নানা ধরনের বিদেশি গাছ। ফলে ধ্বংস হয়ে যাচ্ছে বনের স্বকীয়তা, বিলুপ্ত হতে চলেছে জীব-বৈচিত্র্য। সেইসঙ্গে আদিবাসীরা হারিয়ে ফেলছেন তাদের বন নির্ভর স্বাভাবিক জীবন।
তিনি বলেন, সিলেটের খাসিয়া পাহাড়ে, পার্বত্য চট্টগ্রাম এবং দেশের অন্যান্য এলাকাতেও চলছে বিদেশি দাতা সংস্থাগুলোর বন বিনাশের অভিনব সব উদ্যোগ।
খন্দকার মোকাদ্দেম হোসেন বলেন, এডিপি ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পরামর্শে মধুপুরের ইকো-পার্ক প্রকল্প আদিবাসী গারোদের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলেছে। এই প্রকল্পটি নেওয়ার আগে বংশ পরম্পরায় মধুপুর বনে বসবাসরত আদিবাসীদের মতামতও নেওয়া হয়নি।
তিনি বলেন, তিন হাজার একর এলাকায় ইকো-পার্ক প্রকল্পে বাধা দিতে গিয়ে ১৯৯৯ সালের ৮ নভেম্বর অধীর সাংমা, ২০০৪ সালের ৩ জানুয়ারি পিরেন স্লান এবং সর্বশেষ এ বছর ১৮ মার্চ চলেশ রিছিল জীবন দিয়েছেন। কিন্তু এতো রক্তপাতেও সরকারের টনক নড়েনি বলে তিনি অভিযোগ করেন।
