স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করতে কমিটি গঠনের সিদ্ধান্ত
স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করতে সুপারিশ প্রণয়নের জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার রাত সোয়া ১১ টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর কে এ তথ্য দেন।
উপদেষ্টা বলেন, “স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করা এবং জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুপারিশমালা তৈরি করার জন্য অতীতে অনেক কমিটি ও কমিশন গঠন করা হয়েছে। কিন্তু এসব কমিটি ও কমিশনের প্রতিবেদনে কোন সুনির্দিষ্ট দিক-নির্দেশনা নেই।”
তিনি আরো জানান, “নতুন কমিটি অতীতের সবগুলো কমিটি ও কমিশনের রিপোর্ট পরীক্ষা-নিরিক্ষা ও পর্যালোচনা করে সুনির্দিষ্ট দিকনির্দেশনাসহ একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করবে।”
স্থানীয় সরকার খাত নিয়ে বেসরকারী পর্যায়ে যারা কাজ করেন তাদেরকে নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে এ কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য বর্তমানে দেশে চার স্তর বিশিষ্ট স্থানীয় সরকার রয়েছে। এগুলো হচ্ছে জেলা পরিষদ, উপজেলা, ইউনিয়ন পরিষদ ও গ্রাম সরকার।
