গণতন্ত্র ব্যহত হওয়ার দায় বিএনপি নেতৃত্বেরও: মেয়র খোকা
ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা মনে করেন, দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা ব্যহত হওয়ার জন্য রাজনীতিবিদরাই দায়ী। বিএনপির নেতৃত্বও এ দায়মুক্ত নয়। তার মতে, একটি গণমুখী দল হিসেবে বিএনপির চেয়ারপারসনের ক্ষমতার বিকেন্দ্রীকরণ জরুরি।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার হেয়ার রোডের বাসভবনে বিডিনিউজ টোয়েন্টিফোর কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সেইসঙ্গে তিনি জানান, ভবিষ্যতে আর কোনো নির্বাচনে তিনি প্রার্থী হবেন না। তবে দলীয় রাজনীতিতে সক্রিয় থাকবেন তিনি।
ঢাকার মেয়র পদে পাঁচ বছর পূর্ণ হওয়ার চারদিন আগে তিনি এ সিদ্ধান্তের কথা জানালেন।
তিনি অবশ্য বলেছেন, এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত।
বর্তমান পরিস্থিতির মূল্যায়ন করতে গিয়ে মেয়র খোকা বলেন, “দেশে সময়মত নির্বাচন না হওয়া বা গণতান্ত্রিক ধারাবাহিকতা ব্যহত হওয়ার জন্য রাজনীতিবিদরাই দায়ী। বিএনপির নেতৃত্বও এ দায়মুক্ত নয়। প্রধান বিচারপতির বয়সসীমা বাড়ানো, রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের অধীনে তত্ত্বাবধায়ক সরকারকে কাজ করতে না দেওয়া এবং ২২ জানুয়ারির একতরফা নির্বাচন অনুষ্ঠানের পথে এগুনোর কারণেই দেশে আজ এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।”
দলের সংস্কার প্রশ্নে ঢাকা মহানগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকা বলেন, ‘‘দলীয় চেয়ারপারসনের একক ক্ষমতা কমিয়ে বিকেন্দ্রীকরণ করা উচিৎ। বর্তমান গঠনতন্ত্রে দলীয় চেয়ারপারসনের ক্ষমতা অসীম। তার এত ক্ষমতার প্রয়োজন নেই। একটা সময় ছিল যখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের সর্বময় ক্ষমতা নিজের হাতে রাখতেন। বিএনপি এখন একটি গণমুখী দল। বর্তমান সময়ের প্রেক্ষাপটে ক্ষমতার বিকেন্দ্রীকরণ জরুরি। এককভাবে চেয়ারপারসনের হাতে ক্ষমতা না রেখে সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হলে অনেক ভাল কিছু বেরিয়ে আসতে পারে। এতে দলে জবাবদিহিতা ও স্বচ্ছতাও নিশ্চিত হবে।”
খোকা আরো বলেন, “ঘরোয়া রাজনীতি শুরু হলে সংস্কার কর্মসূচি হাতে নিতে হবে। এর কোনো বিকল্প নেই। নইলে দলে দ্বিধা-দ্বন্দ্ব বাড়বেই।”
অবশ্য তিনি স্বৈরাচার পতনের আন্দোলনসহ বিভিন্ন সময়ে খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের প্রশংসা করেন।
দলের সহসভাপতি পদে মেজর (অব) সাঈদ এস্কান্দারের নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, “একথা ঠিক বিষয়টি নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিতর্ক রয়েছে। তবে এটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। ”
মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার রাজনীতিতে হাতেখড়ি ছাত্র ইউনিয়নের মাধ্যমে। এরপর ন্যাপ ভাসানী হয়ে ১৯৮৩ সালে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন তিনি। চার যুগেরও বেশি সময়ের রাজনৈতিক ক্যারিয়ারে তিনি ঢাকা-৭ আসন থেকে চারবার সাংসদ নির্বাচিত হন। এছাড়া ২০০২ সালে তিনি ঢাকা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।
