সুন্দরবনে র্যাব ও কোস্টগার্ডের সঙ্গে বনদস্যুদের ‘বন্দুকযুদ্ধ’, অস্ত্র উদ্ধার
সুন্দরবনে বৃহস্পতিবার ভোরে র্যাব ও কোস্টগার্ডের সাথে বনদস্যু বাদল বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের এক পর্যায়ে দস্যুদল পিছু হটলে ঘটনাস্থল থেকে ১৮ রাউণ্ড গুলিসহ তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
বাগেরহাট জেলার মংলা উপজেলার সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের হারবারিয়া এলাকায় এই বন্দুকযুদ্ধে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার আবু তাহের গোলাম মোহম্মদ সরকার জানান, হারবারিয়া এলাকায় বাদল বাহিনীর একদল সদস্য অবস্থান করছে খবর পেয়ে কোস্টগার্ড ও র্যাব-৬ এর একটি দল বৃহস্পতিবার ভোরে সেখানে অভিযান চালায়।
এরপর বন্দুকযুদ্ধের পর দস্যুদল পালিয়ে যায়। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তল, একটি সাটারগান ও একটি পাইপগান। অস্ত্র ও গুলি মংলা থানায় জমা দেয়া হয়েছে বলে জানান কোস্টগার্ড কমান্ডার।
