নির্বাচনের সময়সীমার ঘোষণা প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র
তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতি দমন অভিযানে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে। সমর্থন রয়েছে সংস্কার কর্মসূচিতেও।
বাংলাদেশ সরকারের বিশেষ দূত ফারুক সোবহানের ওয়াশিংটন সফরকালে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এ সমর্থনের কথা প্রকাশ করা হয় বলে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়।
যুক্তরাষ্ট্র একই সঙ্গে বাংলাদেশে আগামী নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমার ঘোষণাও প্রত্যাশা করছে।
বিবৃতিতে জানানো হয়, গত ৮ মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক সহকারী মন্ত্রী নিকোলাস বার্নসের সঙ্গে বৈঠক হয় ফারুক সোবহানের। একই দিন তিনি বৈঠক করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জে ডি ক্রাউচের সঙ্গেও।
নিকোলাস বার্নসের সঙ্গে বৈঠকে ফারুক সোবহান জানান, নির্বাচন কমিশন ইতিমধ্যেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নিয়েছে। দুর্নীতির বিরুদ্ধেও বর্তমান সরকার অভিযান অব্যাহত রয়েছে।
এর পরিপ্রেক্ষিতে নিকোলাস বার্নস বলেন, সরকারের দুর্নীতি দমন অভিযানে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। তবে যুক্তরাষ্ট্র চায়, এক্ষেত্রে অভিযুক্তরা যেন ন্যায় বিচার পায়।
নিকোলাস বার্নস বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, তত্ত্বাবধায়ক সরকার সংস্কার কর্মসূচি সফল ভাবেই সম্পন্ন করতে পারবে।
আগামী দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে বন্ধুপ্রতিম সম্পর্ক অব্যাহত রাখার আশ্বাসও দেন তিনি।
নিরাপত্তা উপদেষ্টা জে ডি ক্রাউচকে ফারুক সোবহান জানান, ২০০৮ সাল শেষ হওয়ার আগেই বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের সক্রিয় তৎপরতা রয়েছে। তখন জে ডি ক্রাউচ বলেন, যুক্তরাষ্ট্র নির্বাচনের একটি সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা প্রত্যাশা করছে।
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা আশা প্রকাশ করেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশ আগের মতোই যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত রাখবে।
তিনি আশ্বাস দেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বর্তমান সম্পর্ক আরও জোরদারে ওয়াশিংটন সক্রিয় ভূমিকা রাখবে।
একই দিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক উপ সহকারী মন্ত্রী জন গ্যাস্টরাইটের সঙ্গেও সাক্ষাৎ করেন ফারুক সোবহান।
সফরকালে মার্কিন কংগ্রেসের বাংলাদেশ ককাসের একটি বৈঠকেও যোগদানের কথা রয়েছে বাংলাদেশের এ বিশেষ দূতের।
