২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে দীর্ঘসময় অনির্বাচিত সরকারকে ক্ষমতায় দেখতে চায় না যুক্তরাষ্ট্র

দীর্ঘসময় ধরে কোনো অনির্বাচিত সরকারকে ক্ষমতায় দেখতে চায় না যুক্তরাষ্ট্র। সেদেশের সরকার মনে করে, শেখ হাসিনাকে দেশে ফিরতে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এখন উচিৎ গণতন্ত্রের ধারা অব্যহত রাখতে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 12:18 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

বুধবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দৈনিক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সেদেশের মুখপাত্র শন ম্যাককরম্যাক এ কথা বলেন। যা দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে।

শন ম্যাককরম্যাক বলেন, “তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে দেশে ফিরতে দিয়ে একটি ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এখন তত্ত্বাবধায়ক সরকারের উচিৎ যতো দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখা। আমরা চাই না অনির্বাচিত একটি সরকার দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকুক। বাংলাদেশ ও বাংলাদেশের গণতন্ত্রের জন্যও তা ভালো হবে না। ”

যুক্তরাষ্ট্রের মুখপাত্র আরও বলেন, “আমরা সরকারের উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং দ্রুত নির্বাচন আয়োজনের জন্য তাদেরকে উৎসাহ দিচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে সংশ্লিষ্ট সবাই এবং সব দল যাতে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারে তা নিশ্চিত করার জন্যও তাগিদ দিচ্ছি আমরা।”

সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশি প্রতিনিধিদলের জন্য যুক্তরাষ্ট্্র সরকারের নির্দিষ্ট কোনো বার্তা আছে কিনা জানতে চাইলে ম্যাককরম্যাক বলেন, “আমি ঠিক জানি না... প্রতিনিধিদলের সদস্যরা এখানে (ওয়াশিংটনে) এসে কারো সঙ্গে যোগাযোগ করেছেন কিনা তাও আমার জানা নেই; তবে আমি খোঁজ নেব।”

ওয়াশিংটন সময় বুধবার দুপুর ১ টা ৭ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ৭ মিনিটে) ওই সংবাদ সম্মেলন শেষ হয়।