ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
ধামরাইয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসযাত্রী দুই ভাইসহ তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৬ টায় ঢাকা-আরিচা মহাসড়কের দাউটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর বাসটি দুমড়ে-মুচড়ে পাশের খাদে পড়ে গেলে জামাল (৩০) ও কামাল (২৩) নামে দুই ভাই মারা যান। তাদের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কামতা গ্রামে। তারা ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করার জন্য টঙ্গী যাচ্ছিলেন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মোতালেব হোসেন (২৫) নামে আরও একজন মারা যান।
আহত অন্যদের ধামরাই ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, ট্রাকচালক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। বাসটি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা করা হয়েছে।
