প্রেসক্লাব উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে উড়োচিঠি
রাজধানীর সেগুন বাগিচায় জাতীয় প্রেসক্লাব ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি উড়োচিঠি পাঠানো হয়েছে।
‘জাদীদ আল কায়েদা বাংলাদেশ’ পরিচয়ে মঙ্গলবার নাম ঠিকানাবিহীন চিঠিটি ডাকযোগে প্রেসক্লাবে এসে পৌঁছায়। এ ঘটনায় প্রেসক্লাবের নিরাপত্তা উপ-কমিটির আহ্বায়ক শাহীন চৌধুরী বাদী হয়ে বুধবার দুপুরে শাহবাগ থানায় একটি সাধারণ এজাহার (জিডি) দায়ের করেছেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “ওই চিঠি আসলেই জাদীদ আল কায়েদা পাঠিয়েছে, না কোন দুষ্ট ব্যক্তি মজা করার জন্য পাঠিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার আগে আর কিছু জানানো সম্ভব নয়।”
প্রসঙ্গত, গত ১ মে ‘জাদীদ আল কায়েদা বাংলাদেশ’ পরিচয়ে ঢাকার কমলাপুর, সিলেট এবং চট্টগ্রাম রেলস্টেশনে একযোগে বোমা বিষ্ফোরণ ঘটানো হয়।
