২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ওয়ানডেতে প্রত্যাশা পূরনে প্রস্তুত বাংলাদেশ

সিরিজ শুরুর আগেই ধাক্কা খেয়েছে দুদল। ইনজুরিতে পড়েছেন বাংলাদেশের সব আশা-ভরসার প্রতীক মাশরাফি বিন মুর্তজা আর ভারতের সম্ভাব্য নতুন তারকা মনোজ তিওয়ারি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 10:15 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

গত মঙ্গলবার ফিল্ডিং প্র্যাকটিস করতে গিয়ে ডান কাঁধে চোট পাওয়া এই ভারতীয় অলরাউন্ডারের বাংলাদেশের ক্রিকেট সিরিজ শেষ হয়ে গেলেও বাংলাদেশের নড়াইলের এক্সপ্রেসের বেলায় অতোটা অলক্ষুণে কিছু ঘটেনি। ভাগ্য নির্ভর করছে ম্যাচের দিন সকালে ফিটনেস টেস্টের ওপর। সে যাই হোক প্রাক সিরিজ ধাক্কা খেয়েই বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত।

মাশরাফিকে নিয়ে অনিশ্চয়তা, সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশ দলের ওপর অন্যরকম প্রত্যাশার চাপ। তা সামলানোর জন্য প্রস্তুত বাংলাদেশ দল, অধিনায়ক হাবিবুল বাশার যেভাবে বলেছেন, “মানুষের প্রত্যাশার কথা জানি আর এজন্য আমরা প্রস্তুত। আসলে বিশ্বকাপে ভাল খেলার পর আমাদের ওপর প্রত্যাশার চাপটা একটু বেড়ে গেছে। আশাকরি দেশের মাটিতেও ভাল খেলবো।”

এই আশার নেপথ্যে আছে দলের তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের মতো কিছু তরুন ক্রিকেটারের ওপর নির্ভরতা। সেটাকে কী তাদের জন্য বাড়তি চাপ হয়ে যাচ্ছে না ? “না, তাদের কাছে তো বাড়তি কোনো চাওয়া নেই। তারা নিজেদের স্বাভাবিক খেলা খেলবে, তাতেই হবে”-বলেছেন বাংলাদেশের অধিনায়ক। কিন্তু বিশ্বকাপে তাদের চমৎকার পারফরম্যান্সের কাছে হার মানা ভারত যে এবার আহত বাঘ হয়ে বাংলাদেশে এসেছে, সেটা সবার কাছেই পরিষ্কার। কিন্তু বাংলাদেশ দল তাদের নিয়ে অতো চিন্তা করতে রাজি নয় হাবিবুলই তা খুলে বলে দিয়েছেন, “আমরা নিজেদের খেলা নিজেদের প্রস্তুতি নিয়েই ব্যস্ত থাকতে চাই, ওদের (ভারত) নিয়ে ভাবতে রাজি নই।”

কিন্তু ভারতীয় দল এবার বেশ খোঁজ-খবর নিয়ে ও অংক কষেই এসেছে, শুনুন অধিনায়ক রাহুল দ্রাবিড়ের মুখে, “ নির্দিষ্ট কাউকে নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই। বিশ্বকাপের ম্যাচগুলো দেখে বাংলাদেশের সবার পারফরম্যান্সই পর্যালোচনা করেই এসেছি আমরা।” তার চোখে বাংলাদেশ এখন আর পাঁচটা বড় প্রতিপক্ষের মতোই, “বিশ্বকাপে তারা ভাল ক্রিকেট খেলেছে। বাংলাদেশকে এখন আর ‘মিনোস’ হিসেবে দেখার সুযোগ নেই। বিশেষ করে নিজেদের মাঠে এই কন্ডিশনে আরো ভাল খেলবে। তবে আমরাও প্রস্তুতি নিয়ে এসেছি।”

বাংলাদেশের সঙ্গে এই সিরিজটা ভারতীয়দের জন্য বিশ্বকাপ হাতাশা কাটিয়ে ওঠার মিশন। “বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর আমরা কলকাতায় ভাল ক্যাম্প করেছি। সবাই ভাল ক্রিকেট খেলার জন্য নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে আছে।”