২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবিষ্যতে দুর্নীতি দমনের সুযোগ নাও থাকতে পারে: হাসান মশহুদ

অরাজনৈতিক এবং অনির্বাচিত সরকারের শাসনামলকেই দুর্নীতি দমনের যথাযথ সময় বলে মনে করছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধূরী। বুধবার উত্তরাঞ্চলের চারটি জেলা সফরকালে তিনি দুর্নীতির দমনের এই সুযোগকে কাজে লাগাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 04:11 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

তিনি বলেছেন, “দুর্নীতি দমনের এখনই সময়। এ সুযোগ ভবিষ্যতে নাও থাকতে পারে। দু’বছর পর এখানে বসে এভাবে কথা বলতে পারবো কিনা সন্দেহ আছে। আসুন সবাই এ সুুযোগকে কাজে লাগাই। দুর্নীতি বাংলাদেশের একটি বড় সমস্যা, বিরাট কলঙ্ক। এ কালিমা দূর করতে হবে।” (আরও তথ্যসহ-৩)

বগুড়া: বুধবার সকাল ৯ টায় বগুড়ায় মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে হাসান মশহুদ বলেন, দেশের ৮০ ভাগ মানুষ দুর্নীতি করে না, তারা দুর্নীতির শিকার। তাই নিজের অবস্থানে থেকে শান্তিপূর্ণভাবে দুর্নীতি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।

সাবেক এ সেনাপ্রধান বলেন, দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম এগিয়ে নিতে হলে স্থানীয়ভাবে ফোরাম কিংবা সংগঠন প্রয়োজন হতে পারে। জেলা প্রশাসক পরোক্ষভাবে তাদের উৎসাহিত করতে পারেন। এসব ফোরাম কোনোভাবেই যাতে রাজনৈতিক চেহারা না পায় সেদিকেও খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, দুর্নীতি প্রতিরোধ অভিযান তৃণমূল পর্যন্ত এগিয়ে নিতে গ্রহণযোগ্য ব্যক্তিদের নেতৃত্বে এসব ফোরামের কার্যক্রম চালাতে হবে। তবে কোনো সুবিধা আদায়ের জন্য ফোরামকে ব্যবহার করা যাবে না। কমিশন এরই মধ্যে এ ব্যাপারে কিছু কর্মকৌশল হাতে নিয়েছে।

জেলা প্রশাসক আবদুল গণি ও পুলিশ সুপার জামিল আহম্মেদসহ ছাত্র, শিক্ষক ও পেশাজীবী শ্রেণীর প্রতিনিধি এ সভায় উপস্থিত ছিলেন।

জয়পুরহাট: বেলা ১১টায় জয়পুরহাট জেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ অভিযান সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুদক হাসান মশহুদ চৌধূরী বলেছেন, “দুর্নীতি দেশের কালিমা, দুর্নীতি নিজে করবো না এবং অন্যকেও করতে দেব না। দুর্নীতি একটি মারাত্মক সমস্যা। সারাবিশ্ব জেনে গেছে বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশ। দুর্নীতিতে বাংলাদেশ শীর্ষ হওয়ায় খুশির কোন কারণ নেই। সমস্যা চিহ্নিত করে এ সমস্যা সমাধান করতে হবে।”

তিনি আরও বলেন, “শুধু ঘুষ আর দুর্নীতি নয় কোটি কোটি টাকা যারা কর ফাঁকি দেয়, কালো টাকা দিয়ে যারা বড় বড় বাড়ি বানায়, সরকারি-আধা সরকারি, বেসরকারি সুবিধা নিয়ে বন্ধু-বান্ধব আর আত্মীয়দের দিয়ে কালো টাকার পাহাড় বানায়, তারাই প্রকৃত দুর্নীতিবাজ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দুর্নীতির বিরুদ্ধে মাঠ পর্যায়ে বেশি করে প্রচার চালাতে হবে।”

দুদক চেয়ারম্যান বলেন, “দুর্নীতির বিরুদ্ধে নিজ নিজ অবস্থানে থেকে বাংলাদেশের প্রতিটি নাগরিককে একসঙ্গে কাজ করে যেতে হবে, তাহলেই দুর্নীতি দমন করা সম্ভব হবে।” তিনি বলেন, “ছাড় দেওয়া হবে না দুর্নীতিবাজ ও কালো টাকার মালিকদের। সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে হলে আইনের পাশাপাশি সচেতন হতে হবে সর্বস্তরের মানুষকে।”

সভায় জেলা প্রশাসক নিতাই পদ দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জুলফিকার হায়দারী, অধ্যক্ষ মাহফুজা বেগমসহ সাংবাদিক ও ব্যবসায়ী নেতারা।

নওগাঁ: জেলা প্রশাসক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নওগাঁ সরকারি কলেজ মিলনায়তনে এক মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান বলেন, বাংলাদেশে দুর্নীতি এতো বি¯ৃÍত এবং গভীরে প্রবেশ করেছে যে, তা দূর করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।

তিনি বলেন, দূর্নীতি বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা। মুষ্টিমেয় কিছু লোক দূর্নীতির মাধ্যমে আরাম আয়েশের জীবনযাপন করলেও এর কুফল দেশের অধিকাংশ নিচু স্তরের মানুষ ভোগ করেন।

তিনি আরও বলেন, “অল্প কিছুসংখ্যক মানুষ যারা বাংলাদেশকে নিয়ে বড় বড় কথা বলে এবং নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে আমরা ইতোমধ্যে তাদের চিহ্নিত করেছি। অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” তিনি উপস্থিত সবার প্রতি দুর্নীতিবাজদের সম্পর্কে তথ্য প্রদানের আহবান জানান।

মতবিনিময় সভায় পুলিশ সুপার সরদার নুরুল আমিন, অধ্যক্ষ ফরিদা বেগম, সুশীল সমাজের প্রতিনিধি এএফএম মুনসুর রহমান, এনজিও প্রতিনিধি সাজ্জাদুল হক, ছাত্র প্রতিনিধি ফরহাদ হোসেন বক্তব্য রাখেন। পরে হাসান মশহুদ জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয় পরিদর্শন করেন।

দুর্নীতির বিরুদ্ধে দেশের মানুষকে সচেতন করার লক্ষ্যে দুদক চেয়ারম্যান উত্তরাঞ্চলের বগুড়া, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলা সফর করছেন।