ইসলামি দেশগুলোর সম্মেলনে যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন ইফতেখার
ইসলামি দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী। ১৫ থেকে ১৭ মে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
ঢাকায় পাকিস্তানের রাষ্ট্রদুত আলমগীর বাবর বুধবার পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।
সাক্ষাৎ শেষে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, “ইসলামি দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা এই সম্মেলনের উদ্দেশ্য। এছাড়া সম্মেলনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনা হবে।”
তিনি বলেন, “দ্বিপাক্ষিক আলোচনায় পর বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ এর বৈঠক হবে। তবে ওই বৈঠকের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। সম্ভবত জুনের শেষের দিকে হবে।”
আলমগীর বাবর সাংবাদিকদের বলেন, “পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে।”
বর্তমান তত্ত্বাবধায় সরকারের সময় পররাষ্ট্র উপদেষ্টার এটাই প্রথম পাকিস্তান সফর। ১৪ মে তিনি ঢাকা ত্যাগ করবেন।
পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় স্বাধীনতা যুদ্ধের সময়ের দেনা পাওনার বিষয়ে কথা হবে কিনা; এই প্রশ্ন করা হলে ইফতেখার আহমদ চৌধুরীর বলেন , “আমরা প্রথমে একটা কাঠামো দাঁড় করতে চাই। এরপর বিভিন্ন বিষয়ে সমঝোতার বিষয়গুলো আসবে।”
