কুষ্টিয়ার কিলার আকমল ক্রসফায়ারে নিহত
কুষ্টিয়ায় পাঁচটি হত্যা মামলার আসামী চরমপন্থী সদস্য আকমল হোসেন ওরফে কিলার আকমল (৩৫) মঙ্গলবার রাতে পুলিশের ক্রসফায়ারে নিহত হয়েছে।
নিহত আকমল চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর আনু গ্রুপের সদস্য। সে দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর গ্রামের মোসলেম মণ্ডলের ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, দৌলতপুর থানা পুলিশ সোমবার রাতে উপজেলার মহিষকুণ্ডি গ্রাম থেকে আকমলকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে বের হয় পুলিশ। রাত ২ টার দিকে তারা দিঘলকান্দি গ্রামের বাইনির মোড়ে পৌঁছালে রাস্তার পাশে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে।
পুলিশও পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। আকমল এসময় পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে নিহত হয় সে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও দুই রাউণ্ড গুলি উদ্ধার করেছে।
লুৎফর রহমান জানান, আকমল স্থানীয় আনু বাহিনীর অন্যতম সদস্য। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় পাঁচটি হত্যাসহ সাতটি মামলা রয়েছে।
