খালিশপুরের তিনটি পাটকল বন্ধের মেয়াদ বৃদ্ধি
খালিশপুরের তিনটি পাটকল বন্ধের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। মিলগুলো হল ক্রিসেন্ট জুটমিল, পিপলস জুটমিল ও স্টার জুটমিল।
মঙ্গলবার রাত আটটায় বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) সচিব ফজলুল হক স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এ নির্দেশ খুলনা আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়।
বিজেএমসি’র আঞ্চলিক সমন্বয়কারী শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, তিনটি মিল কর্তৃপক্ষকে রাত সাড়ে আটটায় এ নির্দেশের কথা জানিয়ে দেওয়া হয়েছে। তাদের কাছে ফ্যাক্সের ফটোকপি পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, বকেয়া মজুরি, বেতন ও বোনাস পরিশোধের দাবিতে ১৬ এপ্রিল খালিশপুর শিল্পাঞ্চলের কয়েক হাজার শ্রমিক আন্দোলনে নামে। ১৯ এপ্রিল বিজেএমসি ক্রিসেন্ট, পিপলস ও স্টার জুটমিল ২১ দিন এবং প্লাটিনাম জুবিলি জুটমিল ৪৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করে।
