টিন আত্মসাতের অভিযোগে সাবেক সাংসদ মনির বিরুদ্ধে মামলা
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ নুরুল ইসলাম মনিসহ ১৪ জনের বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।
পাথরঘাটার রায়হানপুর গ্রামের মজিবর রহমান মঙ্গলবার পাথরঘাটা ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।
সাবেক সাংসদের ছোট ভাই পাথরঘাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জামাল ও তিন ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম, হাবিবুর রহমান এবং বশির উদ্দিন সিকদারকেও মামলায় আসামি করা হয়েছে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট আবদুস সালাম পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী মজিবর রহমান অভিযোগ করেন, ত্রাণের ৬৪৫ বান্ডিল ঢেউটিনের মধ্যে আসামিরা ২০০ বান্ডিল টিন আত্মসাত করেন।
বিষয়টি নিয়ে নুরুল ইসলাম মনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার এখন জেলে রয়েছেন। সাইফুল ইসলাম জামাল, কামরুল ইসলাম এবং হাবিবুর রহমান অন্য মামলায় গ্রেপ্তার এড়ানোর জন্য পলাতক আছেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হক জানান, তার কাছে ম্যাজিস্ট্রেটের নির্দেশ এসে পৌঁছেনি।
