আরও কয়েকটি অভিযোগপত্র দিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন
আগামী সপ্তাহে আরও কয়েকজন ‘দুর্নীতিবাজের’ বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দেবে দুর্নীতি দমন কমিশন।
মঙ্গলবার সন্ধ্যায় অফিস থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।
তিনি দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে সারাদেশ সফরের অংশ হিসেবে বুধবার উত্তরবঙ্গের আরও চারটি জেলায় যাচ্ছেন। জেলাগুলো হচ্ছে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ এবং সিরাজগঞ্জ ।
হাসান মশহুদ বলেন, “আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে আরও কয়েকটি চার্জশিট দেওয়া হবে। এই বিষয়ে কোনো তাড়াহুড়া কিংবা গ্যাপও নয়, ধারাবাহিকভাবে আমরা কাজ করতে চাই।”
তিনি বলেন, “কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা ভালো কাজ করছেন, তাদের কীভাবে পুরস্কৃত করা যায় তা নিয়ে কমিশন বৈঠক করেছে। এছাড়া, চাকুরিবিধি, কমিশনের আইনজীবীদের পারিশ্রমিক, সংশোধিত বাজেটসহ বিভিন্ন বিষয় নিয়ে মঙ্গলবারের এই সভায় আলোচনা করা হয়েছে।”
