কিশোরগঞ্জে ধান মাড়াইকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৭০
কিশোরগঞ্জের মিটামইন উপজেলার ঢাকী ইউনিয়নের পাথারকান্দি গ্রামে মঙ্গলবার দুপুরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৭০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ২০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মিটামইন থানা ও গ্রামবাসী জানিয়েছে, মেশিনের সাহায্যে ধান মাড়াইকে কেন্দ্র করে দুপুর ১২টার দিকে স্থানীয় ইউপি সদস্য মতি মিয়ার লোকজনের সঙ্গে একই গ্রামের প্রতিপক্ষ ফরজ আলীর লোকজনের প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের শতাধিক লোক দা, বল্লম, লাঠি প্রভৃতি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে মতি মিয়ার পক্ষের ৪০ জন এবং ফরজ আলীর পক্ষের ৩০ জন আহত হয়।
এ ব্যাপারে মিটামইন থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপ পরিদর্শক আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করলে তিনি সংঘর্ষের সততা স্বীকার করে বলেন, সংঘর্ষ স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
