সাবেক সিইসি আজিজের দু’ পদে থাকা নিয়ে দায়ের হওয়া রিটের চূড়ান্ত শুনানি শুরু
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এম এ আজিজের একই সঙ্গে দুটি সাংবিধানিক পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের ওপর মঙ্গলবার হাইকোর্টে চূড়ান্ত শুনানি শুরু হয়েছে।
বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম আবেদনের শুনানি গ্রহণ করেন। রোববার এর ওপর পরবর্তী শুনানি হবে।
রিট দায়েরকারী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস বাবু ও এম সালিমউল্ল¬াহ আদালতে বলেন, এম এ আজিজের বিচারকের পদ থেকে অবসর এবং সিইসির দায়িত্ব থেকে পদত্যাগের পরও রিটটির গুরুত্ব রয়েছে। এক ব্যক্তি একই সময়ে দুটি সাংবিধানিক পদে থাকতে পারেন কি না, তার একটা সুরাহা হওয়া প্রয়োজন। কেননা এ নিয়ে সাংবিধানিক বিতর্ক রয়ে গেছে।
তারা অভিযোগ করেন, এ ধরনের নিয়োগ বিচারকদের প্রলুব্ধ করতে পারে। এর ফলে বিচার বিভাগের স্বাধীনতাও খর্ব হওয়ার শঙ্কা থেকে যায়।
বিচারক পদ থেকে পদত্যাগ না করা সত্ত্বেও এম এ আজিজকে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত করার ২০০৫ সালের ৯ জুন হাইকোর্টে রিট আবেদন করেন রুহুল কুদ্দুস বাবু।
এর পরিপ্রেক্ষিতে ওই বছর ১৮ জুন বিচারপতি শাহ আবু নাঈম মোঃ মোমিনুর রহমান ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সরকারের কাছে জানতে চায়, এক ব্যক্তির একইসঙ্গে দুটি পদে থাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না।
এর পরদিনই তৎকালীন প্রধান বিচারপতি জে আর মোদাচ্ছির হোসেন হাইকোর্টের বেঞ্চটি ভেঙ্গে দেন।
