২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারিছ চৌধুরীর মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়েছে

দুই সাক্ষী হাজির না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে গেছে। সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ধার্য করা হয়েছে ১০ মে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 02:30 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

মঙ্গলবার দুপুরে সংসদ ভবনের পুরনো এমপি হোস্টেলে বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেনের আদালতে সরকার পক্ষের আইনজীবীরা সাক্ষ্য গ্রহণের তারিখ দুই দিন পেছানোর আবেদন জানালে বিচারক নতুন এই তারিখ ধার্য করেন।

একইসঙ্গে আদালত সাক্ষী ফখরুদ্দিন চৌধুরী ও আলফাজ উদ্দিনের স্থায়ী ঠিকানায় সমন পাঠানোর আদেশ দেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে গত ৬ মে শুরু হয় জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ আদালতের কার্যক্রম।

ওই দিন মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক আবু সাঈদ, মাঠ কর্মকর্তা আখেরুজ্জামান ও আবদুল হাকিমের সাক্ষ্য নেওয়া হয়।

অন্য দুই সাক্ষী ফখরুদ্দিন চৌধুরী ও আলফাজ উদ্দিনের সাক্ষ্য গ্রহণের দিন ৮ মে ধার্য করে আদালত।

অপর তিনটি বিশেষ জজ আদালত আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীর, বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও মীর নাছিরসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতি মামলার অভিযোগ গঠনের দিন আগামী ৯ মে ধার্য করেছে।

দুর্নীতি দমন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দাখিল না করায় হারিছ চৌধুরীর বিরুদ্ধে গত ৫ এপ্রিল কমিশন মামলা দায়ের করে।

বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই হারিছ চৌধুরী পলাতক রয়েছেন। তার অনুপস্থিতিতে মামলার বিচার কাজ শুরু হয়েছে।