২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যাপ্রচেষ্টা মামলায় আগাম জামিন পেলেন হান্নান শাহ

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা এ এস এম হান্নান শাহ ও তার ছেলে শাহ রেজাউল হান্নানসহ হত্যাপ্রচেষ্টা মামলার সাত আসামিকে আগাম অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 01:09 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

একইসঙ্গে এই মামলায় তাদের কেন স্থায়ী আগাম জামিন দেওয়া হবে না তা সরকারের কাছে জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

হান্নান শাহসহ অন্য আসামিদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি এস এম এমদাদুল হকের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।

জামিন পাওয়া অন্য আসামিরা হলেন, বিএনপির কাপাসিয়া থানার যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইস্কান্দার ফকির, স্থানীয় বিএনপি নেতা খায়রুল বাশার, নজিবুল হক ও রুবেল সরকার।

গত বছরের ২৮ অক্টোবর গাজীপুরের কাপাসিয়ার সাফাইশ্রীতে আওয়ামী লীগের মিছিলের ওপর গুলি ও বোমা হামলার ঘটনায় কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বাদী হয়ে গাজীপুরের আমলি আদালতে মামলাটি দায়ের করেন। এতে হান্নান শাহসহ ৯৮ জনকে আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে আওয়ামী লীগের শান্তিপূর্ণ মিছিল উপজেলা পরিষদের সামনের রাস্তা দিয়ে সাফাইশ্রী মোড় অতিক্রমের সময় আসামিরা পিস্তল, বন্দুক, হাতবোমা, ককটেল, রামদা ও লোহার রড নিয়ে হামলা চালায়।

হান্নান শাহ এর পিস্তলের গুলি কিশোরের কপাল, কাইয়ুমের বাম হাঁটু ও মিথুনের মাথায় বিদ্ধ হয়। এ ছাড়া জুয়েল ও আল আমীনসহ ২০/২৫ জন আহত হন।

আসামীদের পক্ষে জামিন আবেদন শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভূঁইয়া ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। শুনানিতে তারা বলেন, রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে ঘটনার দীর্ঘদিন পর হান্নান শাহ এর বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

জামিন পাওয়ার পর হান্নান শাহ সাংবাদিকদের বলেন, “আমি আইনের সুফল পেয়েছি। আমার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক আইনের মাধ্যমেই তা মোকাবিলা করব।”

তিনি বলেন, “আমার বাড়িতে যারা আক্রমণ করেছিল। কারও চাপে তারাই আবার আমার বিরুদ্ধে ঘটনার দীর্ঘদিন পর মামলা করেছে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের দমনের জন্য যুগে যুগে আঘাত আসে।”