আকাশ ও মাটিকে এক সুতোয় বেঁধেছিলেন রবীন্দ্রনাথ: ফখরুদ্দীন
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর লেখনিতে আকাশ ও মাটিকে বেঁধেছেন একই সুতোয়। তাই তাঁর কাছ থেকে কোনো কিছু শেখার অর্থ প্রকৃতির সঙ্গে সমন্বয় সাধন, আত্মার মুক্তি।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মঙ্গলবার প্রধান অতিথির ভাষণে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ একথা বলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
তিনি বলেন,“আমাদের সত্ত্বায়, দৈনন্দিন প্রাত্যহিকতায় আমরা তাঁকে খুঁজে পাই। স্বদেশ চেতনার নির্মাণে তাঁর লেখনি আমাদের প্রেরণা যোগায়।”
প্রধান উপদেষ্টা আরো বলেন, রবি ঠাকুর দরিদ্র মানুষকে আত্মনির্ভরশীল করার, সমবায় প্রতিষ্ঠার কথা বলেন। এমনকি মরুকরণের হাত থেকে রক্ষা করতে তিনি বৃক্ষরোপনের জন্যও অনুপ্রাণিত করেন। সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর প্রতি দায়িত্ব পালনের যে আহ্বান জানিয়েছেন রবীন্দ্রনাথ তা আমাদের উদ্বুদ্ধ করে। তবে রবীন্দ্রনাথ ঠাকুর শুধু এসবের আহ্বান জানিয়েছেন তা নয় বরং তিনি এসব চর্চাও করতেন।
সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আইয়ুব কাদরী। এতে স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবিএম আবদুল হক চৌধুরী।
