কিশোরগঞ্জে আগুন লেগে ১৫টি দোকান পুড়ে ছাই
কিশোরগঞ্জ শহরের পুলেরঘাট বাজারে সোমবার দুুপুরে আগুন লেগে ১৫টি দোকান পুড়ে গেছে।
কিশোরগঞ্জ জেলা দমকল কার্যালয়ের স্টেশন অফিসার আবুল কালাম আজাদ জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।
তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবদুল হাকিম জানান, ক্ষতির পরিমাণ প্রায় আধা কোটি টাকা।
আবুল কালাম আজাদ জানান, দুপুর দেড়টার দিকে পুলেরঘাট বাজারের একটি অফিসের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কিশোরগঞ্জ জেলা সদর ও কটিয়াদী উপজেলা থেকে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগেই ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
